৩৯৬টি কবর খুঁড়েই বিদায়, অপূর্ণ রয়ে গেল হাফেজ শিকদারের শেষ ইচ্ছা

পটুয়াখালীর কুয়াকাটায় বিনা পারিশ্রমিকে ৩৯৬টি কবর খনন করে মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন হাফেজ শিকদার। স্বপ্ন ছিল ৪০০টি কবর খননের মাইলফলক স্পর্শ করার। কিন্তু সেই ইচ্ছা পূরণের আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তিনি। জীবদ্দশায় অসংখ্য মানুষের শেষ ঠিকানা তৈরি করা এই মানুষকে শেষ পর্যন্ত দাফন করা হয়েছে নিজেরই নির্ধারণ করে রাখা কবরে।
বিজ্ঞাপন
হাফেজ শিকদারের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে। পেশায় ব্যবসায়ী হলেও বিনা পারিশ্রমিকে কবর খনন এবং মানুষের বিপদে পাশে দাঁড়ানোর জন্য এলাকায় পরিচিত ছিলেন তিনি। কোথাও কারও মৃত্যুর খবর পেলেই কবর খননের কাজে ছুটে যেতেন।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন হাফেজ শিকদার। ২৪ অক্টোবর রাতে বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তার মেজো ছেলে মো.হারিস শিকদার ও ছোট ছেলে এস এম আলমাস জানান, এলাকায় বা আশপাশে কারও মৃত্যুর খবর পেলেই তাদের বাবা কবর খননে চলে যেতেন। ৪০০টি কবর খননের ইচ্ছা ছিল তার। নিজের মৃত্যুর কথা ভেবে আগেই বাড়ির সামনে কবরের জায়গা নির্ধারণ এবং কাফনের কাপড় কিনে রেখেছিলেন তিনি।
২৬ অক্টোবর সকাল ১০টায় কুয়াকাটা খানকায়ে সালেহিয়া কমপ্লেক্স মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। পরে পরিবারের সদস্যরা তাকে বাড়ির সামনে নিজের জন্য নির্ধারণ করে রাখা জায়গাতেই দাফন করেন।








