Logo

কমলনগরে এইচএসসির ফল প্রকাশের পর ছাত্রীর মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
কমলনগর, লক্ষ্মীপুর
৩১ অক্টোবর, ২০২৬, ১৯:৪৮
কমলনগরে এইচএসসির ফল প্রকাশের পর ছাত্রীর মৃত্যু
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর ভূমিকা রানী দাস (১৮) নামে এক কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) ফল প্রকাশের দিন উপজেলার হাজিরহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় হাজিরহাট উপকূল সরকারি কলেজ থেকে অংশ নিয়েছিল ভূমিকা। শনিবার ফল প্রকাশের পর সে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য হওয়ার বিষয়টি জানতে পারে। এরপর পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরে আত্মহত্যা করে বলে জানা গেছে।

নিহত ভূমিকা রানী দাস কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করুণানগর বাজার এলাকার শশী ভক্তের বাড়ির বাসিন্দা। তার বাবা রঞ্জিত চন্দ্র দাস এবং মা শিখা রানী দাস।

স্থানীয়দের ভাষ্য, পরীক্ষার ফল জানার পর ভূমিকা মানসিকভাবে ভেঙে পড়ে। এর কিছু সময় পরই ঘটে মর্মান্তিক এ ঘটনা।

বিজ্ঞাপন

এদিকে তরুণী শিক্ষার্থীর মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD