গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি

আগামী ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের অভিভাবকসহ জাতীয় সংসদ ভবন ঘুরিয়ে দেখানোর ঘোষণা দিয়েছেন লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান।
বিজ্ঞাপন
পাশাপাশি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের আগামী ৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের অধিবেশনে অতিথি হিসেবে নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এ ছাড়া দুই উপজেলার মধ্যে যে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করবে, সেই প্রতিষ্ঠানকে বিশেষ পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দেন সংসদ সদস্য।
শনিবার (৩১ অক্টোবর) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিষদ হলরুমে ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব ঘোষণা দেন।
শিক্ষার্থীদের উদ্দেশে ব্যারিস্টার হাসান রাজিব প্রধান বলেন, বর্তমান সময় প্রযুক্তিনির্ভর। এআই এসেছে, এর সঙ্গে পাল্লা দিতে হবে, এআইকে পিছনে ফেলতে হবে। এজন্য নিজেদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ গড়তে সুনাগরিক হতে হবে। তোমরা ভালো ফলাফল করেছ, তোমাদের ওপর আমাদের প্রত্যাশা আরও বেড়ে গেছে। আমরা মনে করি, তোমরা একদিন সুনাগরিক হবে এবং বাংলাদেশের দায়িত্ব তোমাদের হাতে অর্পিত হবে।
সাফল্য অর্জনের পথ তুলে ধরে সংসদ সদস্য বলেন, একজন সফল মানুষ হতে হলে কয়েকটি বিষয় অনুসরণ করতে হয়। বড় হওয়ার স্বপ্ন দেখতে হয়। স্বপ্ন দেখা কঠিন কাজ। স্বপ্ন দেখতে হবে এবং তা বাস্তবায়নের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। তাহলেই সফলতা অর্জন করা সম্ভব।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন ধবলসূতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাহামুদুল ইসলাম। তিনি বলেন, “আমাদের জন্য এত সুন্দর আয়োজন করায় এমপি মহোদয় ও উপজেলা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শফিকার রহমান।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান।
বিজ্ঞাপন
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।








