খুলনায় লংমার্চে ককটেল বিস্ফোরণ, পণ্ড জামায়াতের পথসভা

খুলনার ফুলতলায় ১১ দলীয় জোটের লংমার্চ যাওয়ারফ পথে ফুলবাড়িগেট এলাকায় জামায়াতে ইসলামীর নির্ধারিত পথসভাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পথসভা শুরুর আগেই হেলমেট পরিহিত দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে পণ্ড হয়ে যায় পূর্বনির্ধারিত পথসভা।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, হেলমেট পরিহিত কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থলে এসে পরপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় স্থানীয়ভাবে ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণের কথা জানা গেলেও পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। ঘটনার পর হামলাকারীদের শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে খুলনার খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার জানান, পথসভায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে তাঁরা তথ্য পেয়েছেন। ঘটনাস্থলে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করতে তদন্ত চলছে।








