নেশার টাকা না পেয়ে বটি দিয়ে বাবাকে কুপিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলায় নেশার টাকা না পেয়ে বাবাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। নিহত আফসার শেখ (৬০) পেশায় কৃষক। ঘটনার পর অভিযুক্ত ছেলে খায়রুল শেখ (২৪) পালিয়ে গেছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
পরিবারের সদস্য ও প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, বেকার খায়রুল মাদকাসক্ত ছিলেন। নেশার জন্য টাকা চেয়ে প্রায়ই বাবা-মায়ের সঙ্গে ঝগড়ায় জড়াতেন তিনি। চাহিদামতো টাকা না পেলে বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করতেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে বাবা আফসার শেখের সঙ্গে খায়রুলের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে বটি দিয়ে বাবার হাত, বুক, পেট ও মাথায় এলোপাতাড়ি কোপ দেন তিনি। এতে ঘটনাস্থলেই আফসার শেখের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
ঘটনার সময় খায়রুলের মা ও স্ত্রী সেখানে উপস্থিত ছিলেন। হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত ছেলে পালিয়ে যান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পলাতক খায়রুলকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।








