Logo

তরুণ উদ্যোক্তার আঙুর বাগান, সরকারি সহযোগিতা না পাওয়ার অভিযোগ

profile picture
উপজেলা প্রতিনিধি
মহেশপুর, ঝিনাইদহ
১২ এপ্রিল, ২০২৬, ১৫:১৮
তরুণ উদ্যোক্তার আঙুর বাগান, সরকারি সহযোগিতা না পাওয়ার অভিযোগ
ছবি: প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সাড়াতলা এলাকায় এক তরুণ উদ্যোক্তার নিজ উদ্যোগে গড়ে ওঠা আঙুর বাগান নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

বিজ্ঞাপন

উদ্যোক্তা মোহাম্মদ ছমির উদ্দিন প্রায় ৭৭ শতক জমিতে গড়ে তুলেছেন এই বাগান, যেখানে রয়েছে প্রায় ৫০০টি আঙুর গাছ। বাগানটির বয়স এখন প্রায় ১১ মাস, এবং আগামী মে মাসেই শুরু হবে প্রথম দফার ফল সংগ্রহ।

উদ্যোক্তা জানান, প্রতি বিঘায় প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে তিনি বাগানটি গড়ে তুলেছেন। তার প্রত্যাশা, প্রতিটি গাছ থেকে ২৫ থেকে ৩০ কেজি পর্যন্ত আঙুর পাওয়া যেতে পারে। সে হিসেবে প্রথম বছরেই লাভের সম্ভাবনা দেখছেন তিনি।

বিজ্ঞাপন

তবে এত বড় উদ্যোগ নেওয়ার পরও সরকারি কোনো সহায়তা পাননি বলে অভিযোগ করেছেন ছমির উদ্দিন। তিনি বলেন, “নিজ উদ্যোগে সব করেছি। কিন্তু এখন পর্যন্ত কৃষি অফিসের কেউ বাগান পরিদর্শনে আসেননি, কোনো সরকারি সহায়তাও পাইনি।”

তিনি আরও বলেন, সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতা পেলে এই বাগান আরও উন্নত করা সম্ভব হতো এবং এলাকার অন্যান্য কৃষকরাও আঙুর চাষে আগ্রহী হতেন।

এদিকে, তরুণদের উদ্দেশে তিনি বলেন, “চাকরির পেছনে না ছুটে কৃষিতে মনোযোগ দিলে স্বল্প সময়েই সফল হওয়া সম্ভব। আধুনিক পদ্ধতিতে আঙুরসহ বিভিন্ন ফল চাষ করে উদ্যোক্তা হওয়া যায়।”

বিজ্ঞাপন

স্থানীয়রা মনে করছেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যকর সহযোগিতা পেলে এ ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

এ বিষয়ে মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা’র সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD