Logo

চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে পানছড়িতে বিজু উৎসবের সূচনা

profile picture
উপজেলা প্রতিনিধি
পানছড়ি, খাগড়াছড়ি
১২ এপ্রিল, ২০২৬, ১৩:১৯
চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে পানছড়িতে বিজু উৎসবের সূচনা
ছবি: প্রতিনিধি

পার্বত্য জনপদে বইছে উৎসবের আমেজ। পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের অন্যতম প্রধান সামাজিক উৎসব ‘বিজু, সাংগ্রাই ও বৈসুক’ উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজু উৎসব।

বিজ্ঞাপন

রবিবার (১২ এপ্রিল) ভোরে পানছড়ি উপজেলার শান্তিপুর সংলগ্ন চেঙ্গী নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে চাকমা সম্প্রদায়ের ‘ফুল বিজু’ পালিত হয়, যা এই উৎসবের প্রথম দিন।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পানছড়ির বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ চেঙ্গী নদীর তীরে জড়ো হন। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত শিশু, কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীরা থালায় করে আনা নানা রঙের বুনো ফুল নদীর জলে ভাসিয়ে দেন। পুরাতন বছরের সকল দুঃখ-বেদনা ভুলে নতুন বছরের মঙ্গল কামনায় তারা প্রার্থনা করেন।

বিজ্ঞাপন

উৎসবে অংশগ্রহণকারীরা জানান, এটি তাদের বহু বছরের ঐতিহ্য। ফুল ভাসানোর মাধ্যমে তারা প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শান্তিময় ভবিষ্যতের প্রত্যাশা করেন। নদীর বুকে ভাসমান হাজারো ফুলে সৃষ্টি হয় মনোমুগ্ধকর দৃশ্য, যা উপভোগ করতে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরাও ভিড় জমান।

পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী ক্যালেন্ডার অনুযায়ী, ‘ফুল বিজু’র মাধ্যমে উৎসবের সূচনা হয়। আগামীকাল পালিত হবে ‘মূল বিজু’, যেখানে ঘরে ঘরে বিশেষ খাবার ‘পাজন’ রান্না করা হবে এবং অতিথিদের আপ্যায়ন করা হবে। এর পরের দিন ‘গজ্যাপজ্যা বিজু’ বা নববর্ষ উদযাপনের মধ্য দিয়ে শেষ হবে এই বর্ণাঢ্য আয়োজন।

বিজ্ঞাপন

এদিকে, পানছড়ির বাজারগুলোতেও এখন উৎসবের আমেজ বিরাজ করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এই উৎসবে পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সবাই মেতে উঠেছেন আনন্দে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD