ডিজেল বিতরণ নিয়ে উত্তেজনা, এসিল্যান্ডকে ইটপাটকেল নিক্ষেপ কৃষকদের

কুড়িগ্রামের রৌমারীতে ডিজেল বিক্রি নিয়ে সৃষ্ট উত্তেজনা রূপ নেয় সহিংস পরিস্থিতিতে। শ্যালো মেশিন ছাড়া ডিজেল না দেওয়ার ঘোষণা ঘিরে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় কৃষকরা। এক পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন দুপুর থেকে ডিজেল বিক্রি শুরুর কথা থাকলেও হঠাৎ করে মাইকে ঘোষণা দেওয়া হয় যে, শ্যালো মেশিন বা জেনারেটর ছাড়া ডিজেল সরবরাহ করা হবে না। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন জারিকেন হাতে লাইনে দাঁড়িয়ে থাকা কৃষকরা।
বিজ্ঞাপন
ঘোষণার পরপরই বিক্ষোভ শুরু হয় এবং এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় বিক্ষুব্ধ কৃষকদের একটি অংশ সহকারী কমিশনারকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের পর পাম্প কর্তৃপক্ষ কৃষকদের কাছে ডিজেল বিক্রি শুরু করতে বাধ্য হয়। তবে অনেক কৃষকের অভিযোগ, তাদেরকে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল দেওয়া হয়েছে। পাশাপাশি পেট্রল বিক্রিতে স্বজনপ্রীতির অভিযোগও ওঠে।
ডিজেল নিতে আসা কৃষকদের একজন অভিযোগ করেন, পাম্পে প্রভাবশালী ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে পেট্রল দেওয়া হচ্ছে এবং সাধারণ ক্রেতাদের ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে।
বিজ্ঞাপন
অভিযোগের বিষয়ে পাম্পের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসেম জানান, পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হলেও পরে স্বাভাবিক হয়ে আসে। তিনি দাবি করেন, ডিজেলের দাম বেশি নেওয়া হয়নি এবং পেট্রল বিক্রিতে কোনো অনিয়ম হয়নি।
অন্যদিকে, পাম্পে দায়িত্বে থাকা ট্যাগ অফিসার মনিরুল ইসলাম বলেন, তিনি পেট্রলের পরিমাপ পরীক্ষা করেছেন এবং তা সঠিক পেয়েছেন। তবে ডিজেলের ক্ষেত্রে এখনো পরিমাপ যাচাই করা হয়নি, অভিযোগ পেলে তা পরীক্ষা করা হবে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
ঘটনার বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বলেন, কৃষকরা জারিকেন নিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন। শৃঙ্খলা বজায় রাখতে শ্যালো মেশিন ও জেনারেটর ছাড়া ডিজেল সরবরাহ না করার ঘোষণা দেওয়া হয়। এর পরই কিছু ব্যক্তি তার দিকে ইট নিক্ষেপ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, ডিজেল কম দেওয়ার বিষয়ে তার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে কেউ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








