কুষ্টিয়ায় মাজারে ভাঙচুরের পর অগ্নিসংযোগ, কথিত পীর নিহত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে দরবারটির কথিত পীর আব্দুর রহমান ওরফে শামিম (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় অবস্থিত ‘শামিম বাবার দরবার শরিফ’ নামে পরিচিত স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে শামিমকে একটি অনুষ্ঠানে কোরআন অবমাননাকর মন্তব্য করতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ জনতা দরবারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
বিজ্ঞাপন
হামলার সময় শামিমসহ কয়েকজন আহত হন। পরে পুলিশ আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামিমকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক তৌহিদুল হাসান তুহিন জানান, ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন মারা গেছেন এবং বাকি আহতদের চিকিৎসা চলছে।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়।
বিজ্ঞাপন
নিহত শামিম ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ ফিলিপনগর গ্রামের বাসিন্দা ছিলেন। জানা যায়, এর আগে ২০২১ সালের ১৭ এপ্রিল ধর্ম অবমাননার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন এবং বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন।
বিজ্ঞাপন
থানার পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ আলী মর্তুজা বলেন, তারা এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত আছেন, বিস্তারিত পরে জানানো হবে।








