Logo

পিরোজপুর সদর উপজেলা চত্বরে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম

profile picture
জেলা প্রতিনিধি
পিরোজপুর
১১ এপ্রিল, ২০২৬, ১৭:২০
পিরোজপুর সদর উপজেলা চত্বরে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম
ছবি: প্রতিনিধি

পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে অভ্যন্তরীণ ও বাহিরের পরিবেশ পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ-এর উদ্যোগে ও তত্ত্বাবধানে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

অভিযানের অংশ হিসেবে উপজেলা পরিষদের মূল প্রশাসনিক ভবনের চারপাশ, কর্মকর্তাদের বাসভবন এলাকা এবং সম্মুখস্থ বাগানে দীর্ঘদিন ধরে জমে থাকা আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার করা হয়। একই সঙ্গে অভ্যন্তরীণ ড্রেনগুলো পরিষ্কার করে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করা হয়েছে।

শুধু চত্বরের ভেতরেই নয়, পরিষদের প্রধান প্রবেশপথ ও সীমানা প্রাচীরের বাইরের অংশেও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। রাস্তার ধারের ময়লা-আবর্জনা ও ঝোপঝাড় অপসারণের ফলে পুরো এলাকায় এখন দৃষ্টিনন্দন পরিবেশ বিরাজ করছে।

বিজ্ঞাপন

পরিদর্শনকালে ইউএনও মামুনুর রশীদ বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারের নির্দেশনা অনুযায়ী একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর আওতায় প্রতি শনিবার উপজেলার প্রতিটি দপ্তর, ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক কেন্দ্র ও আবাসিক এলাকায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। আমাদের লক্ষ্য এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং একটি পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলা।”

তিনি আরও বলেন, “এই কার্যক্রম সফল করতে প্রতিটি নাগরিকের অংশগ্রহণ জরুরি। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাসা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।”

বিজ্ঞাপন

ইউএনও আরও জানান, সরকারি দপ্তরে সেবা নিতে আসা সাধারণ মানুষের জন্য একটি স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তাদের মতে, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের ফলে চত্বরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি মশার উপদ্রব কমবে এবং একটি আদর্শ কর্মপরিবেশ বজায় থাকবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD