Logo

ধামরাইয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০

profile picture
উপজেলা প্রতিনিধি
ধামরাই, ঢাকা
১১ এপ্রিল, ২০২৬, ১৩:৫৪
ধামরাইয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ধামরাই উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা জেলা উত্তর কমিটির আত্মপ্রকাশ ও ধামরাই উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে কারও আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।

ঘটনার পরপরই ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঢাকা জেলা উত্তর কমিটির নেতা-কর্মীদের অভিযোগ, কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে একটি পক্ষ পরিকল্পিতভাবে হামলা চালায়। তাদের দাবি, কমিটিতে পদ না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওই পক্ষ এ হামলা করেছে।

বিজ্ঞাপন

ঢাকা জেলা উত্তর কমিটির আহ্বায়ক নাবিলা তাসনিদ বলেন, “নতুন কমিটি গঠনের ফলে কিছু মানুষের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে। সেই ক্ষোভ থেকেই তারা এই হামলা চালিয়েছে।” তিনি জানান, এ ঘটনায় নবগঠিত কমিটির অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

অন্যদিকে ধামরাই উপজেলা শাখার নেতা-কর্মীদের অভিযোগ, তাদের পূর্বের কার্যালয় থাকা সত্ত্বেও নতুন করে কালামপুর এলাকায় কার্যালয় উদ্বোধনের উদ্যোগ নেওয়া হয়, যা নিয়ে তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তাদের ওপর হামলা চালানো হয় বলে দাবি করেন তারা।

ধামরাই উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকন বলেন, “ঢাকা জেলা উত্তর কমিটি গঠনের সময় স্থানীয় শাখাগুলোর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। এতে শুরু থেকেই অসন্তোষ ছিল।”

বিজ্ঞাপন

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় উত্তেজনার সৃষ্টি করেছে এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD