উলিপুরে সিএনজিতে ফেলে যাওয়া বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে পুলিশের চেকপোস্ট দেখে পালাতে গিয়ে সিএনজিতে বিপুল পরিমাণ গাঁজা ফেলে রেখে পালিয়েছে মাদক ব্যবসায়ীরা।
বিজ্ঞাপন
শুক্রবার (১০ এপ্রিল) রাতে উপজেলার উলিপুর-চিলমারী সড়কের মোহাম্মদের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে একটি সিএনজিতে কয়েকজন মাদক ব্যবসায়ী উলিপুর থেকে চিলমারীর দিকে যাচ্ছিল। পথে পুলিশের চেকপোস্ট দেখে তারা দ্রুত গাড়িটি ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় সিএনজিটি দুর্ঘটনায় পড়লে মাদক ব্যবসায়ী ও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বিজ্ঞাপন
পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে সিএনজিটি তল্লাশি করে চারটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে প্লাস্টিক টেপ ও রশি দিয়ে মোড়ানো সাতটি পোটলায় মোট ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা।
পুলিশ জানায়, একই রাতে উলিপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ মাজেদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তবকপুর ইউনিয়নের মোহাম্মদের মোড় থেকে প্রায় ১০০ গজ দক্ষিণে উলিপুর-চিলমারী সড়কে চেকপোস্ট ডিউটি পালন করছিলেন। এ সময় একটি পুরাতন সবুজ রঙের সিএনজি (রেজি. নং: বগুড়া-থ-১১-৪৫৭০) জব্দ করা হয়, যার আনুমানিক মূল্যও প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা।
উদ্ধারকৃত গাঁজা ও সিএনজি জব্দ তালিকা অনুযায়ী পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।
এদিকে একই রাতে মাটিয়াল আদর্শ বাজার এলাকা থেকে রওশন আলম দেলদার (৪৭) নামে এক ব্যক্তিকে ৫টি গাঁজাসহ আটক করার খবর পাওয়া গেছে।








