মৌলভীবাজারে নিতেশ্বর-গুমড়া সড়কের বেহাল দশা, দখলে সংকুচিত পথ

মৌলভীবাজার সদর উপজেলার নিতেশ্বর-গুমড়া (অফিস বাজার রোড) সড়কের বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
বিজ্ঞাপন
১১ নম্বর মোস্তফাপুর ও ১২ নম্বর গিয়াসনগর ইউনিয়নের মধ্য দিয়ে যাওয়া এই সড়কটি মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গলের সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম।
স্থানীয়দের অভিযোগ, সড়কের দু’পাশ দখল করে বাড়ি ও বিভিন্ন স্থাপনা নির্মাণের ফলে রাস্তার প্রস্থ অনেক কমে গেছে। এর ফলে একসঙ্গে দুটি সিএনজি অটোরিকশা চলাচল করতে পারে না। জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসের গাড়িও অনেক সময় সঠিকভাবে প্রবেশ করতে পারে না বলে জানিয়েছেন এলাকাবাসী।
বিজ্ঞাপন
কৃষক সিরাজ রহমান জানান, ধান কাটার সময় কম্বাইন হারভেস্টার মেশিন এই সড়ক দিয়ে আনা সম্ভব হয় না। বাধ্য হয়ে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে হয়, এতে অতিরিক্ত খরচ বেড়ে যায়।
সড়ক ব্যবহারকারী চালক আব্দুল মতিন, মো. শফিকুল ইসলাম ও সোনা মিয়া বলেন, এই সড়কটি দিয়ে তিনটি ইউনিয়ন ছাড়াও ভৈরববাজার, শ্রীমঙ্গল ও মৌলভীবাজারসহ আশপাশের বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছে। প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করলেও দখল ও ভাঙাচোরা অবস্থার কারণে চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। তারা সড়কটি ম্যাপ অনুযায়ী প্রশস্তকরণ ও দ্রুত সংস্কারের দাবি জানান।
বিজ্ঞাপন
৮ নম্বর ওয়ার্ডের সদস্য সাজ্জাদুর রহমান বলেন, “সড়কের পাশ দখল করে অনেকেই বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্মাণ করেছেন, যার ফলে রাস্তা সংকুচিত হয়ে পড়েছে। কয়েকজনকে দখল সরানোর জন্য একাধিকবার বলা হলেও তারা তা মানছেন না।”
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সদর মোহাম্মদ শাহেদ হোসেন জানান, মৌজা ম্যাপ যাচাই করে দ্রুত সড়কটি প্রশস্তকরণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হবে এবং শিগগিরই কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি দখলমুক্ত করে সংস্কারের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।








