Logo

মহেশপুরে দালালের খপ্পরে পড়ে লিবিয়ায় নির্যাতনের শিকার

profile picture
উপজেলা প্রতিনিধি
মহেশপুর, ঝিনাইদহ
১১ এপ্রিল, ২০২৬, ১২:৩৫
মহেশপুরে দালালের খপ্পরে পড়ে লিবিয়ায় নির্যাতনের শিকার
ছবি: প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে উন্নত জীবনের আশায় লিবিয়া হয়ে ইতালি যাওয়ার স্বপ্ন দেখানো এক দালালচক্রের নির্মম প্রতারণা ও নির্যাতনের শিকার হয়েছেন মোঃ ইসমাইল মৃধা (৩২)। তিনি উপজেলার উজ্জ্বলপুর গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, একই উপজেলার তালপট্টি গ্রামের আবু কালামের সঙ্গে ১২ লাখ টাকায় ইতালি যাওয়ার চুক্তি হয়। এর মধ্যে ইসমাইলের পরিবার ১১ লাখ টাকা পরিশোধ করে। পরবর্তীতে লিবিয়ায় অবস্থানকালে ইসমাইল নিজেও ১৮ হাজার দিনার কালামের হাতে তুলে দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মোঃ অহিদুল ইসলাম (৩৫)।

পরিবারের দাবি, পুরো প্রক্রিয়াটি পরিচালনা করেন সামন্তা গ্রামের ওমর। কালাম-ওমর চক্র ইসমাইলকে লিবিয়ায় একটি বদ্ধ ‘গেম ঘরে’ আটকে রেখে দীর্ঘদিন অমানবিক নির্যাতন চালায়।

বিজ্ঞাপন

ইসমাইলের স্ত্রী মোছাঃ সালমা খাতুন জানান, টাকা নেওয়ার পরও তাকে মুক্তি না দিয়ে প্রায় তিন মাস ধরে নির্যাতন করা হয়। একই অভিযোগ করেন তার মা ছপুরা খাতুন। তিনি বলেন, ছেলেকে উদ্ধার করতে ধার-দেনা করে আরও কয়েক দফায় টাকা দিলেও নির্যাতন বন্ধ হয়নি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এর আগেও এই চক্রের মাধ্যমে লিবিয়ায় গিয়ে একাধিক ব্যক্তি নির্যাতনের শিকার হয়েছেন, যা নিয়ে এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী দ্রুত দালাল কালাম ও ওমরের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD