টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

গাজীপুরের টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগ ইন্টারন্যাশনাল নামের একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত কারখানাটির ছয়তলা ভবনে আগুন লাগে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, সকাল ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়লে আশপাশের আরও ৫টি এবং সবশেষ আরও ৬টি ইউনিট যুক্ত হয়ে মোট ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। প্রায় ২ ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার ফাইটাররা।
তিনি আরও বলেন, কারখানাটির ৬ তলা ভবনে আগুনের সূত্রপাত হয়। ভেতরে ওষুধ তৈরির রাসায়নিক পদার্থ থাকায় আগুনের ভয়াবহতা আরও বেড়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।
বিজ্ঞাপন








