ভাঙা ঘরে মানবেতর জীবন ৭০ বছরের নিঃসন্তান বিধবার

বরিশালের গৌরনদী উপজেলায় জরাজীর্ণ একটি ছোট্ট ঘরে মানবেতর জীবনযাপন করছেন নিঃসন্তান বিধবা কনক হালদার (৭০)। ঘরটির অবস্থা এতটাই নড়বড়ে যে, একটু জোরে বাতাস বইলেই ভেঙে পড়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটে তাঁর। জীবনের শেষ সময়ে তাঁর একমাত্র চাওয়া—একটি নিরাপদ মাথা গোঁজার ঠাঁই।
বিজ্ঞাপন
কনক হালদারের বাড়ি উপজেলার বার্থী ইউনিয়নের পশ্চিম সোমাদ্দারপাড় গ্রামে, সোমাদ্দারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে। তিনি প্রয়াত দীনবন্ধু হালদারের স্ত্রী। স্বামী-সন্তানহীন এই নারী দীর্ঘদিন ধরে জরাজীর্ণ একটি ছোট ঘরে বসবাস করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতর পানি পড়ে। নড়বড়ে ঘরে ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে তাঁকে। অন্যের সহায়তায় কোনোমতে দিন কাটছে তাঁর। নিরাপদ আশ্রয়ের অভাবে বার্ধক্যের এই সময়ে নানা দুশ্চিন্তায় থাকতে হচ্ছে কনক হালদারকে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দারা জানান, বিধবা ও নিঃসন্তান কনক হালদারের নিজের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নেই। সরকারি-বেসরকারি সহায়তা কিংবা হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতায় তাঁর জন্য একটি ছোট ঘরের ব্যবস্থা করা গেলে জীবনের শেষ সময়ে কিছুটা স্বস্তি পেতেন তিনি।
কনক হালদারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সহৃদয় ব্যক্তিরা এগিয়ে এলে তাঁর মাথা গোঁজার একটি নিরাপদ ঠাঁই নিশ্চিত করা সম্ভব হবে।
এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম বলেন, বিষয়টি আমার জানা ছিল না। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।








