Logo

হামলা অব্যাহত থাকলে আন্দোলনে নামতে বাধ্য হবো: ডাকসুর জিএস

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:২৭
হামলা অব্যাহত থাকলে আন্দোলনে নামতে বাধ্য হবো: ডাকসুর জিএস
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবারের ওপর হামলাসহ দেশজুড়ে ভিন্নমতের ভোটার ও সমর্থকদের ওপর নির্বাচনি সহিংসতা অব্যাহত থাকলে আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।

বিজ্ঞাপন

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় ডাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। দেশব্যাপী নির্বাচনি সহিংসতার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ডাকসু। এতে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন সংগঠনটির নেতারা এবং বিভিন্ন ঘটনার অভিযোগ তুলে ধরেন।

এস এম ফরহাদ বলেন, নির্বাচনের পর মূলত দুই ধরনের ঘটনা ঘটছে। একদিকে, পরাজিত বিএনপি প্রার্থী তাদের দলের নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে এবং দায় চাপাচ্ছে অন্য প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীদের ওপর। অন্যদিকে, যেখানে বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন, সেখানে জামায়াত ও এনসিপি প্রার্থী এবং তাদের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনায় শিক্ষার্থীরা আক্রান্ত হচ্ছেন, এমনকি নয় বছরের শিশুও হামলা থেকে রেহাই পায়নি।

বিজ্ঞাপন

নির্বাচনের পর বিরোধী ও সরকারি দলদের দায়িত্বশীল আচরণের প্রত্যাশা ছিল, কিন্তু বাস্তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ২৬৩টি আসন জয় করলেও তখন তাৎক্ষণিকভাবে এ ধরনের হামলার ঘটনা ঘটেনি। কিন্তু এবারের নির্বাচনের ২৪ ঘণ্টা পার না হতেই বিভিন্ন স্থানে হামলার খবর পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, বিএনপি চেয়ারম্যানসহ জোটের নেতাদের প্রতি আহ্বান, যেন প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা, হামলা ও আক্রমণের রাজনীতি পুনরায় চালু না করা হয়। আমরা নতুন করে সহিংস রাজনৈতিক সংস্কৃতি দেখতে চাই না এবং জুলাই আন্দোলনের পর যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল, তা যেন নষ্ট না হয়। হামলা অব্যাহত থাকলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা আন্দোলনে নামতে বাধ্য হবো।

বিজ্ঞাপন

ডাকসু ভিপি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে এবং এর মাধ্যমে জুলাইয়ের শহীদদের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। এখন দ্রুত সময়ের মধ্যে গণভোটের ফল বাস্তবায়ন করতে হবে।

সাদিক কায়েম বলেন, জুলাই আন্দোলনের পর নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রত্যাশা ছিল। কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতা, হামলা ও হুমকির ঘটনা ঘটছে। তিনি বলেন, দায়িত্বশীল মহলকে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।

ডাকসুর পক্ষ থেকে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে আমরা আশ্বস্ত করছি- আপনারা কাউকে ভয় পাবেন না। সে যে হোক। আমরা এরই মধ্যে ডাকসুর পক্ষ থেকে আমাদের পেজে ঘোষণা দিয়েছি। আইন ও মানবাধিকার সম্পাদক নম্বর দিয়েছেন একটা মেইল দিয়েছি। কেউ যদি হুমকি দেয় আমাদেরকে অভিযোগ দিবেন। আমরা দেশীয় আইন ও বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD