Logo

শহীদের চেতনায় দেশগঠনের ডাক ডুয়েট উপাচার্যের

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:১১
শহীদের চেতনায় দেশগঠনের ডাক ডুয়েট উপাচার্যের
ছবি প্রতিনিধি।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় পালন করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। দিবসটি উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন উপ-উপাচার্য, ডীন, বিভাগীয় প্রধান ও পরিচালকরা। পরে বিভিন্ন হলের শিক্ষার্থীরা প্রভোস্টদের নেতৃত্বে এবং শিক্ষক সমিতি, ছাত্রকল্যাণ দপ্তর, অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী সমিতির পক্ষ থেকেও পর্যায়ক্রমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টায় শহীদ মিনার প্রাঙ্গণে মহান শহীদ দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. উৎপল কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. খসরু মিয়া।

বিজ্ঞাপন

উপাচার্য তাঁর বক্তব্যে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৫২ সালের আত্মত্যাগের মধ্য দিয়ে বাঙালি জাতি রাষ্ট্রভাষা হিসেবে বাংলার মর্যাদা প্রতিষ্ঠা করে বিশ্বে অনন্য নজির স্থাপন করেছে। ভাষা আন্দোলনের চেতনাই পরবর্তীতে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রেরণা জুগিয়েছে উল্লেখ করে তিনি বলেন, শহীদদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, অন্যায়ের কাছে বাঙালি কখনও মাথা নত করেনি, অধিকার আদায়ে ঐক্যবদ্ধ সংগ্রামের ঐতিহ্যই জাতির শক্তি। সেই চেতনায় ডুয়েটকে ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করে তিনি শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও ভবিষ্যৎ শিল্পবিপ্লবের প্রস্তুতিতে কার্যকর শিক্ষা, টেকসই গবেষণা ও উদ্ভাবন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার ভাষা শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে তাঁদের স্বপ্নের দেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি শিক্ষা, গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ সবক্ষেত্রে বাংলা ভাষা চর্চা বিস্তারের ওপরও গুরুত্ব দেন।

দিবসটি উপলক্ষে সূর্যোদয় থেকে বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া, বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনা এবং ডুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD