Logo

২১ ফেব্রুয়ারি পালনে ঢাবির কর্মসূচি ঘোষণা, রুটম্যাপ প্রকাশ

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৫৬
২১ ফেব্রুয়ারি পালনে ঢাবির কর্মসূচি ঘোষণা, রুটম্যাপ প্রকাশ
ছবি: সংগৃহীত

ভাষা শহীদদের স্মরণে আগামী ২১ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে বিস্তৃত কর্মসূচি। দিবসটি উপলক্ষে প্রভাতফেরি, মৌন মিছিল এবং কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হবে। এ কর্মসূচি ও যাতায়াতের রুটম্যাপ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক এলাকায় বসবাসকারীদের সন্ধ্যা ৭টার মধ্যে নিজ নিজ আবাসস্থলে ফেরার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। জরুরি প্রয়োজনে বাইরে চলাচলের সময় নিরাপত্তা পাশ এবং পরিচয়পত্র অবশ্যই বহন করতে হবে।

দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। এছাড়া বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়া, বিভিন্ন হলের মসজিদ ও আবাসিক এলাকার উপাসনালয়ে ভাষা শহীদদের রুহের মাগফেরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

কর্মসূচির অন্যতম প্রধান অংশ প্রভাতফেরি। সকাল সাড়ে ৬টায় উপাচার্য ভবনের সামনে ‘স্মৃতি চিরন্তন’ চত্বর থেকে মৌন মিছিল ও প্রভাতফেরি শুরু হবে। প্রভাতফেরিতে নেতৃত্ব দেবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ খান। প্রভাতফেরি উদয়ন স্কুল হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে পৌঁছে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

প্রভাতফেরি ও অন্যান্য অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন ও শিক্ষা), কোষাধ্যক্ষ, রেজিস্টার, সিনেট ও সিন্ডিকেটের সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, হল ও হোস্টেলের প্রাধ্যক্ষ-ওয়ার্ডেন, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউট পরিচালক, শিক্ষক, ডাকসু নেতা, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেবেন।

বিজ্ঞাপন

প্রভাতফেরিতে অংশগ্রহণে আগ্রহী সবাইকে সকাল ৬টা ১৫ মিনিটের মধ্যে ‘স্মৃতি চিরন্তন’ চত্বরে সমবেত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানিয়েছে, এই আয়োজন যেন শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন হয়, তার জন্য সকলের সহযোগিতা অপরিহার্য।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD