বিএনপিপন্থী শিক্ষকদের মধ্যে সংঘর্ষ, উপাচার্য ও প্রক্টরসহ আহত ৭

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শিক্ষকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে এই ঘটনা ঘটে। এতে উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলাম ও প্রক্টর ড. জসিম উদ্দিনসহ অন্তত সাতজন শিক্ষক আহত হয়েছেন।
বিজ্ঞাপন
উপস্থিত শিক্ষকরা জানিয়েছেন, উভয় পক্ষই বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী “সাদা দল”-এর সদস্য।
শিক্ষকরা অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয়ের চলমান নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হচ্ছে। এ নিয়ে কয়েকজন শিক্ষক দুপুরে উপাচার্যের সঙ্গে আলোচনা করতে গেলে উত্তপ্ত বাক্যবিনিময় এবং শেষ পর্যন্ত হাতাহাতিতে রূপ নেয়। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কর্মকর্তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
সাদা দলের সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. এমদাদুল হক বলেন, নির্বাচন চলাকালীন চতুর্থ শ্রেণির কর্মচারীদের অ্যাডহক নিয়োগে ত্রুটি রয়েছে। আমরা চাইনি উপাচার্য এটি অনুমোদন দিক, কিন্তু তিনি ১০ ফেব্রুয়ারি এই নিয়োগ দেন। আমরা গতকাল বসতে চেয়েছিলাম, কিন্তু সময় পাননি। আজ গেলে উপাচার্য ও প্রক্টরের সঙ্গে কথা-কাটাকাটির সময় হাতাহাতি শুরু হয়। প্রক্টর একজন শিক্ষকের ওপর চড়াও হন, লাথি মারেন, আর ঝামেলা মেটাতে গিয়ে অন্য শিক্ষকও আহত হন।
উপাচার্য ড. আলিমুল ইসলাম জানান, আমার কক্ষে ছয়জন আহত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার পর একটি ব্যানার নিয়ে অশান্তি হয়। ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে প্রক্টর ও রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষকেরা সহযোগিতা করছে না, নতুন সরকার আসছে বলে তারা সমস্যার সৃষ্টি করছে। নিয়োগের সব পদ যথাযথভাবে দিয়েছে।
বিজ্ঞাপন
ঘটনার বিষয়ে সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই এবং থানায় কেউ অভিযোগ দিতেও আসেননি।
উপাচার্য ও সাদা দলের পক্ষ কেউই থানায় অভিযোগ করেননি। তবে আহতদের মধ্যে কারোর অবস্থা গুরুতর নয়।








