Logo

ভাষা দিবসের শ্রদ্ধা নিবেদন ঘিরে ডাকসুতে দ্বন্দ্ব

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৩৯
ভাষা দিবসের শ্রদ্ধা নিবেদন ঘিরে ডাকসুতে দ্বন্দ্ব
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ঘিরে অভ্যন্তরীণ বিরোধ এবার প্রকাশ্যে চলে এসেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণকে কেন্দ্র করে ডাকসুর একাংশের নেতাদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

ডাকসুর শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সমন্বয়হীনতা, তথ্য গোপন এবং নির্দিষ্ট একটি পক্ষকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ তুলেছেন কয়েকজন নারী সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এবং কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা সরাসরি ভিপি সাদিক কায়েম ও তার অনুসারীদের সমালোচনা করেছেন।

ঘটনার সূত্রপাত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে। একুশের প্রথম প্রহরে ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ এবং এজিএস মহিউদ্দিন খানের নেতৃত্বে ডাকসুর একটি প্রতিনিধি দল শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যায়।

বিজ্ঞাপন

অভিযোগ উঠেছে, পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের যথাযথভাবে সম্পৃক্ত না করে সেখানে একটি নির্দিষ্ট ছাত্রসংগঠনের ঘনিষ্ঠদের প্রাধান্য দেওয়া হয়েছে।

ফলে ডাকসুর গুরুত্বপূর্ণ কয়েকজন নারী সদস্য—ফাতিমা তাসনিম জুমা, সর্বমিত্র চাকমা, হেমা চাকমা ও উম্মে উসওয়াতুন রাফিয়াসহ কমিটির একটি বড় অংশ রাষ্ট্রীয় এ আনুষ্ঠানিকতা থেকে বাদ পড়েন বলে দাবি করা হয়েছে।

কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিদ্রূপাত্মক ভঙ্গিতে লেখেন, তারা কমিটির সদস্য হয়েও বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচার দেখে জানতে পেরেছেন যে ডাকসু শহীদ মিনারে গেছে। তার ভাষায়, বিটিভির লাইভ দেখে বুঝলাম ডাকসু ফুল দিতে গেছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, ফাতিমা তাসনিম জুমা সরাসরি শীর্ষ তিন নেতার বিরুদ্ধে অসহযোগিতা ও তথ্য গোপনের অভিযোগ এনেছেন। তিনি জানান, শহীদ মিনারে যাওয়ার সময়সূচি নিয়ে একাধিকবার গ্রুপে জানতে চাইলেও কোনো সুস্পষ্ট উত্তর পাননি। বরং তাকে জানানো হয়, কেবল সিনেট সদস্যরাই রাষ্ট্রীয় প্রটোকলে অংশ নেবেন।

তিনি প্রশ্ন তোলেন, একটি নির্দিষ্ট ছাত্রসংগঠনের ইউনিয়ন পর্যায়ের কর্মীদের কাছে পাস থাকলেও ডাকসুর নির্বাচিত সদস্যদের কেন তা দেওয়া হয়নি। প্রভাতফেরী সংক্রান্ত চিঠির তথ্যও সাধারণ সদস্যদের জানানো হয়নি বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

জুমার মতে, বিষয়টি আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে সহজেই সমাধান করা যেত। কিন্তু ভিপি, জিএস ও এজিএস পুরো প্রক্রিয়াটি শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের জায়গা থেকে না দেখে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করলে সম্পাদক হিসেবে তাদের সন্তোষজনক জবাব দিতে গিয়ে তারা বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ছেন।

ডাকসুর ভেতরের এ বিরোধ নতুন করে ছাত্ররাজনীতির স্বচ্ছতা, সমন্বয় এবং প্রতিনিধিত্বের প্রশ্ন সামনে এনে দিয়েছে। এখন দেখার বিষয়, অভিযোগের পরিপ্রেক্ষিতে শীর্ষ নেতৃত্ব কী অবস্থান নেয় এবং পরিস্থিতি নিরসনে কী পদক্ষেপ গ্রহণ করা হয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD