চবি ক্যাম্পাসে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ভিন্ন আয়োজন

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাসরত সুবিধাবঞ্চিত পথশিশু ও কিশোর-কিশোরীদের নিয়ে শিক্ষা ও ভাষা সচেতনতামূলক ব্যতিক্রমধর্মী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন আওয়ার গ্রিন ক্যাম্পাস এবং শিক্ষাবাদী সংগঠন এক টাকায় শিক্ষা-এর যৌথ উদ্যোগে শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকেরা জানান, কর্মসূচির অংশ হিসেবে শিশুদের জন্য বর্ণপরিচয় ও মাতৃভাষা সচেতনতা বিষয়ক পাঠচক্র, আবৃত্তি প্রতিযোগিতা, মুক্ত আলোচনা, শিক্ষাসামগ্রী বিতরণ এবং পুরস্কার প্রদান করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে শিশুদের মধ্যে ভাষা আন্দোলনের ইতিহাস, মাতৃভাষার মর্যাদা ও শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।
বিজ্ঞাপন
কর্মসূচি সম্পর্কে রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান সুমন বলেন, ‘ভাষা আন্দোলনের চেতনা যেন কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে—বরং সমাজের প্রান্তিক শিশুদের মাঝেও ছড়িয়ে পড়ে, সেটিই আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য।’ তিনি আরও জানান, কর্মসূচির আগে সকালে এসব শিশু-কিশোরদের নিয়ে আলাদাভাবে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একটি প্রশিক্ষণ কার্যক্রমও পরিচালনা করা হয়।
ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূর আনিশা বলেন, ‘এক টাকায় শিক্ষা সংগঠনের মাধ্যমে আমরা শিশুদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক আচরণবিধি ও সামাজিক মূল্যবোধ সম্পর্কেও শিক্ষা দিয়ে থাকি।’
বিজ্ঞাপন
আওয়ার গ্রিন ক্যাম্পাসের সভাপতি মুজাহিদুল ইসলাম বলেন, ‘একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সবাই শহীদ মিনারে গিয়ে ফুল দেয়—এটি অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে আমরা মনে করেছি, এই দিনে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের শিক্ষা ও ভাষা সচেতনতার সঙ্গে যুক্ত করাটাই হবে প্রকৃত শ্রদ্ধা। সেই ভাবনা থেকেই ক্যাম্পাসের আশপাশে বসবাসরত শিশুদের নিয়ে এই ভিন্নধর্মী আয়োজন করা হয়েছে।’








