নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে বাউবির শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান-এর সঙ্গে আজ (৩০ মার্চ ) বিকেল ৪টায় গাজীপুর ক্যাম্পাসে শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাউবির বিভিন্ন প্রোগ্রামের প্রতিনিধিরা মোদ্দাছির হোসেন ও ফরহাদ হোসেনের মাধ্যমে মাননীয় উপাচার্যকে অভিনন্দন জানিয়ে একটি স্মারকলিপি পেশ করেন।
বিজ্ঞাপন
উপাচার্য স্মারকলিপি গ্রহণের পর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় এগিয়ে যাওয়ার পথে ধৈর্য ও আন্তরিকতা অপরিহার্য। তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মূল শক্তি হিসেবে উল্লেখ করে প্রশাসন ও শিক্ষার্থীদের সহযোগিতার গুরুত্বে জোর দেন। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দেন এবং পূর্ববর্তী কমিটিগুলোর অগ্রগতি পর্যালোচনার কথাও জানান।
তিনি আরও বলেন, “নতুন দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আমার জন্য সম্মানের। টিমওয়ার্কের মাধ্যমে সবাই মিলে কাজ করতে হবে। পড়াশোনায় মনোনিবেশ করে মেধাকে কাজে লাগাতে হবে, এবং প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়কে উন্নত ও কার্যকরী করে তুলতে হবে।”
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি এম আহমেদ হুসেইন এবং তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম-পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন পাইক।








