Logo

সবুজ ভবিষ্যতের বার্তা দিল ডুয়েট, বৃক্ষরোপণ ও জলবায়ু বিষয়ক আলোচনা

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২১ জুন, ২০২৬, ১৮:৩২
সবুজ ভবিষ্যতের বার্তা দিল ডুয়েট, বৃক্ষরোপণ ও জলবায়ু বিষয়ক আলোচনা
ছবি: প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ুবিষয়ক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২১ জুন) বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড সাসটেইনেবিলিটি রিসার্চ (৩সিএসআর)-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩সিএসআর-এর পরিচালক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন।

সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে বিশ্বব্যাপী মানব সভ্যতার অন্যতম বড় সংকট। এ সংকট মোকাবিলায় শুধু নীতিনির্ধারণী উদ্যোগ নয়, ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়েও সচেতনতা ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

বিজ্ঞাপন

তিনি বলেন, একটি গাছ রোপণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য বজায় রেখে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উপাচার্য আরও বলেন, পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গড়ার জাতীয় উদ্যোগ বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার পরিবেশবান্ধব জীবনযাপন, সবুজায়ন সম্প্রসারণ ও জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্ব দেন। তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট (আইডাব্লিউই)-এর পরিচালক অধ্যাপক ড. মো. আকরামুল আলম বক্তব্য দেন। সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় গবেষণাভিত্তিক উদ্যোগ ও নিয়মিত বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD