Logo

ছাত্রদল কর্তৃক অবৈধ সিট দখলের অভিযোগে রাবিতে শিবিরের মানববন্ধন

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
২৯ জুন, ২০২৬, ১৪:২৮
ছাত্রদল কর্তৃক অবৈধ সিট দখলের অভিযোগে রাবিতে শিবিরের মানববন্ধন
ছবি: প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হলের সিট অবৈধভাবে দখলের অভিযোগ তুলে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। এ সময় শতভাগ আবাসন নিশ্চিতসহ তিন দফা দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

সোমবার (২৯ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সালসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শহীদ শামসুজ্জোহা হল, শহীদ জিয়াউর রহমান হল ও শহীদ সোহরাওয়ার্দী হলে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী বৈধ আবাসিকতা ছাড়াই অবস্থান করছেন। তারা দাবি করেন, হলের আসন সাধারণ শিক্ষার্থীদের অধিকার এবং নিয়ম অনুযায়ী আসন বরাদ্দ নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

শাখা ছাত্রশিবিরের মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মেহেদী সজীব বলেন, শিক্ষার্থীবান্ধব রাজনীতি করতে হবে। রাজনীতির নামে সিট দখল, টেন্ডারবাজি কিংবা পুরোনো দখলদারিত্বের সংস্কৃতি ক্যাম্পাসে ফিরিয়ে আনা যাবে না।

তিনি আরও বলেন, ক্যাম্পাসগুলোকে দখলমুক্ত রাখার যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা কোনো সংগঠনের কারণে ব্যাহত হতে দেওয়া হবে না।

শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, হলের সিট প্রত্যেক শিক্ষার্থীর মৌলিক অধিকার। অনেক শিক্ষার্থী সিট না পেলেও দীর্ঘদিন ধরে অনেকেই হলে অবস্থান করছেন—এমন অভিযোগ রয়েছে। এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

বিজ্ঞাপন

সভাপতি মুজাহিদ ফয়সাল অভিযোগ করেন, ছাত্রজীবন শেষ হওয়ার পরও অনেকের সিট বাতিল না হওয়ায় সাধারণ শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন। তিনি বৈধ নীতিমালা প্রণয়ন করে আবাসন সংকট সমাধান ও সকল শিক্ষার্থীর জন্য ন্যায্যভাবে সিট নিশ্চিত করার দাবি জানান।

তবে অভিযোগগুলোর বিষয়ে ছাত্রদল বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD