Logo

ছাত্রীদের জন্য আধুনিক জিমনেশিয়াম চালুর ঘোষণা ডাকসু ভিপির

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১ জুলাই, ২০২৬, ১৫:১০
ছাত্রীদের জন্য আধুনিক জিমনেশিয়াম চালুর ঘোষণা ডাকসু ভিপির
ছবি: সংগৃহীত

দেশের প্রাচীন ও সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১০৫ বছর পূর্ণ করে ১০৬তম বছরে পদার্পণ করেছে। ১৯২১ সালের ১ জুলাই যাত্রা শুরু করা বিশ্ববিদ্যালয়টি এ উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করছে। এ বিশেষ দিনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন একটি উদ্যোগের তথ্য প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তৈরি একটি ভিডিও শেয়ার করেন ডাকসু ভিপি। সেই পোস্টের মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি ফিমেল জিমনেশিয়াম চালুর ঘোষণা দেন।

পোস্টে সাদিক কায়েম উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম নারী শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ ও আধুনিক সুবিধাসমৃদ্ধ একটি জিমনেশিয়াম চালু হতে যাচ্ছে। তিনি এটিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

তার দেওয়া তথ্য অনুযায়ী, ডাকসুর উদ্যোগে প্রায় ৬৫ লাখ টাকা ব্যয়ে জিমনেশিয়ামটি প্রস্তুত করা হয়েছে। এতে আধুনিক ব্যায়াম ও ফিটনেস-সংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম সংযোজন করা হয়েছে, যাতে নারী শিক্ষার্থীরা নিরাপদ ও উন্নত পরিবেশে শারীরিক অনুশীলনের সুযোগ পান।

ডাকসু ভিপির ভাষ্য, নতুন এই জিমনেশিয়াম চালু হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা নিয়মিত শরীরচর্চার সুযোগ পাবেন। এর ফলে তাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক সুস্থতাও আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় দিবসকে কেন্দ্র করে প্রকাশিত এই ঘোষণা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। অনেকেই নারী শিক্ষার্থীদের জন্য এমন একটি স্থায়ী ও আধুনিক শরীরচর্চা কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

উল্লেখ্য, ১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষা, গবেষণা এবং সাংস্কৃতিক-সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠার ১০৬তম বছরে পদার্পণের এই সময়ে নারী শিক্ষার্থীদের জন্য আধুনিক জিমনেশিয়াম চালুর উদ্যোগকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাসহায়ক অবকাঠামো উন্নয়নের একটি নতুন সংযোজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD