Logo

সমকামিতার অভিযোগে দুই বহিরাগতকে আটক, ভিডিও ঘিরে তোলপাড়

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
২ আগস্ট, ২০২৬, ১৩:২৮
সমকামিতার অভিযোগে দুই বহিরাগতকে আটক, ভিডিও ঘিরে তোলপাড়
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল সংসদের সহসাধারণ সম্পাদক (এজিএস) ইব্রাহীম খলিলের কক্ষে অবস্থানরত দুই বহিরাগত অতিথির বিরুদ্ধে সমকামী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হল প্রশাসন ইব্রাহীম খলিলের আবাসিক সিট সাময়িকভাবে বাতিল করেছে। একই সঙ্গে ঘটনা তদন্তে কমিটি গঠনের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গত ২৭ জুলাই এজিএস ইব্রাহীম খলিলের কক্ষে থাকা দুই যুবক নিজেদের সমকামী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর কথা স্বীকার করছেন। ভিডিওটি প্রকাশ না করার অনুরোধ জানিয়ে তাদের ক্ষমা চাইতেও দেখা যায়।

ইব্রাহীম খলিলের কক্ষসঙ্গী ও হলের আবাসিক শিক্ষার্থী অনয় চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, গত ২৭ জুলাই ওই দুই ব্যক্তি ইব্রাহীম খলিলের অতিথি হিসেবে কক্ষে ওঠেন। পরে তাদের আপত্তিকর ও অন্তরঙ্গ অবস্থায় দেখতে পান কয়েকজন শিক্ষার্থী। তিনি আরও দাবি করেন, উপস্থিত শিক্ষার্থীরা তাদের বক্তব্য ও স্বীকারোক্তি ভিডিওতে ধারণ করলেও ঘটনার সংবেদনশীলতার বিষয়টি বিবেচনায় পুরো ভিডিও প্রকাশ করা হয়নি। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে প্রত্যক্ষদর্শীদের পরিচয়ও গোপন রাখা হয়েছে।

সমালোচনার মুখে ফেসবুকে এক বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেন ইব্রাহীম খলিল। তিনি জানান, ঘটনাটি তার কক্ষে সংঘটিত হলেও এ ব্যাপারে তিনি কিছুই জানতেন না। চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় আসা সেই পরিচিতদের মানবিক কারণে কক্ষে থাকার অনুমতি দিয়েছিলেন তিনি। অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটার সময়ে তিনি নিজে কক্ষে ছিলেন না এবং পরবর্তীতেও কেউ তাকে অবগত করেনি। বিষয়টির কঠোর নিন্দা জানিয়ে অপরাধীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপে সার্বিক সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি।

বিজ্ঞাপন

উত্থাপিত অভিযোগ সম্পর্কে নিশ্চিত হতে এজিএস ইব্রাহীম খলিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অনুসন্ধানী প্রমাণের অংশ হিসেবে একটি অডিও কল রেকর্ড সরবরাহ করেন। সেই কথোপকথনে অভিযোগের বিষয়ে এক অতিথিকে বলতে শোনা যায়, তারা 'শয়তানের ধোঁকা'য় পড়ে অপরাধে লিপ্ত হতে যাচ্ছিলেন, কিন্তু কাজ শেষ করার পূর্বেই রুমমেট সরাসরি দেখে ফেলায় তা ভেস্তে যায়। অডিওতে ইব্রাহীম খলিলকে এ ব্যাপারে কথা বলতে সেই অতিথির পরিবারের কাছে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করতেও শোনা যায়।

উল্লেখ্য, ২০২৫ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে শহীদুল্লাহ হলের এজিএস পদে জয়লাভ করেছিলেন ইব্রাহীম খলিল। তিনি সংগঠনটির সক্রিয় কর্মী বলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুহা. মহিউদ্দিন খান নিশ্চিত করেছেন।

হল প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আমিনুল ইসলাম ভূইয়া জানান, উদ্ভূত পরিস্থিতিতে ইব্রাহীম খলিলের হলের বরাদ্দকৃত সিটটি সাময়িক বাতিল করা হয়েছে। একটি তদন্ত কমিটি গঠনের মাধ্যমে সত্যতা যাচাই শেষে চুড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

হল সংসদের সাধারণ সম্পাদক তৌকির হাসান বলেন, এজিএস ইব্রাহীম খলিলের কাছে ইতোমধ্যে জবাব চাওয়া হয়েছে। তার এবং কক্ষসঙ্গীর বক্তব্য পর্যালোচনার পর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষার্থীদের বিক্ষোভ

এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসার পর শহীদুল্লাহ হলের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ঘটনার প্রতিবাদে শনিবার রাত প্রায় সোয়া ১০টার দিকে হলের পুকুরপাড়ে জড়ো হন একদল শিক্ষার্থী। পরে তারা মিছিল বের করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD