বেরোবির ১৮তম ব্যাচের নবীনদের বরণ করবে শিবির

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১৮তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা। আগামী ১৮ সেপ্টেম্বর সকাল ৮টায় রংপুরের কামাল কাছনা এলাকার গুঞ্জন মোড়সংলগ্ন রূপকথা থিম পার্ক ও কনভেনশন হলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত নিবন্ধিত নবীন শিক্ষার্থীদের সকালের খাবার দেওয়া হবে। পরে বিশ্ববিদ্যালয় জীবন, ক্যারিয়ার পরিকল্পনা এবং ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হবে।
অনুষ্ঠানে নিবন্ধিত প্রত্যেক শিক্ষার্থীর জন্য উপহার হিসেবে আল-কুরআন, ব্যাগ, কলম, চাবির রিং ও বই দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নিবন্ধিত শিক্ষার্থীদের অনুষ্ঠানস্থলে যাতায়াতের ব্যবস্থাও রাখা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
ক্যাম্পাসের পরিবর্তে বাইরে অনুষ্ঠান আয়োজনের কারণ জানতে চাইলে বেরোবি শিবির সভাপতি মুরাদ হোসেন বলেন, নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে আয়োজনের লক্ষ্যেই ক্যাম্পাসের বাইরে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে জায়গার সংকট রয়েছে এবং নিজস্ব কোনো অডিটোরিয়ামও নেই।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বাইরে অনুষ্ঠান আয়োজন করলে আবহাওয়াজনিত ঝুঁকিও থাকে। বড় আয়োজনের মধ্যে বৃষ্টি হলে অনুষ্ঠান ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হতে পারে। এসব বিষয় বিবেচনা করেই রূপকথা থিম পার্কে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানের ক্যারিয়ার গাইডলাইন সেশনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম উপস্থিত থাকবেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ বিষয়ে মুরাদ হোসেন বলেন, ক্যারিয়ার গাইডলাইন হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ভাই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এ ছাড়া অন্যান্য অতিথির বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
নবীনদের জন্য উপহারের বিষয়ে তিনি বলেন, অংশগ্রহণকারী নবীন শিক্ষার্থীদের জন্য কোরআন মাজীদ, চাবির রিংসহ বিভিন্ন উপহার থাকবে। বিভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান রেখে তাদের জন্য আলাদা উপহারের ব্যবস্থাও থাকবে।
তিনি জানান, নারী শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সব নবীন শিক্ষার্থী এ আয়োজনে অংশগ্রহণের সুযোগ পাবেন। অনুষ্ঠানে অংশ নিতে আয়োজকদের নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে নিবন্ধন করতে হবে।
বিজ্ঞাপন
আয়োজকদের দাবি, নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে ধারণা দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।








