Logo

এএইউবির ২২তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১০ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৩৪
এএইউবির ২২তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)-এর ২২তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন এএইউবির ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি)।

সভায় উপস্থিত সদস্যদের স্বাগত জানিয়ে ভাইস চ্যান্সেলর বলেন, বিশ্বজুড়ে অ্যাভিয়েশন, অ্যারোস্পেস ও স্পেস টেকনোলজির দ্রুত অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয় ব্যবস্থা, রোবোটিক্স এবং ডেটা-নির্ভর প্রযুক্তির ব্যবহার বাড়ছে। ফলে এসব খাতে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে।

তিনি বলেন, পরিবর্তিত প্রযুক্তিগত বাস্তবতায় উচ্চশিক্ষাকে শুধু প্রচলিত পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ রাখা যথেষ্ট নয়। গবেষণা, উদ্ভাবন এবং ভবিষ্যৎ প্রযুক্তির সঙ্গে শিক্ষাব্যবস্থার সমন্বয় ঘটাতে হবে।

বিজ্ঞাপন

সভায় অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস প্রযুক্তির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয় করে নতুন গবেষণার ক্ষেত্র তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এর মধ্যে এআইনির্ভর বিমান রক্ষণাবেক্ষণ ও পরিচালনা, ডেটা লিংক, মানববিহীন আকাশযান, স্পেস সিস্টেম এবং উন্নত প্রকৌশল নকশার মতো প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে।

ভাইস চ্যান্সেলর আরও বলেন, আধুনিক বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব কেবল বিদ্যমান জ্ঞান শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়া নয়; বরং নতুন জ্ঞান সৃষ্টি, গবেষণার মাধ্যমে প্রযুক্তিগত উদ্ভাবন এবং জাতীয় প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সমাধান তৈরি করাও এর গুরুত্বপূর্ণ দায়িত্ব।

এ লক্ষ্য সামনে রেখে এএইউবি অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতে দেশীয় সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করছে বলে সভায় উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

সভায় ২১তম একাডেমিক কাউন্সিলের পর বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হওয়া গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সংক্ষিপ্তসার উপস্থাপন করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম উন্নয়ন, উচ্চশিক্ষা ও গবেষণার ভবিষ্যৎ পরিকল্পনা এবং একাডেমিক মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।

এ ছাড়া সভায় এএইউবির একাডেমিক কাউন্সিলের সদস্যদের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর প্রতিনিধিত্বকারী সদস্যরাও অংশ নেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD