Logo

বাকৃবিতে বিসিএস ক্যাডারদের সংবর্ধনা, শিক্ষার্থীদের ক্যারিয়ার সেমিনার

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩০
বাকৃবিতে বিসিএস ক্যাডারদের সংবর্ধনা, শিক্ষার্থীদের ক্যারিয়ার সেমিনার
ছবি: প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিসিএস ক্যাডারদের সংবর্ধনা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুল হক হল ছাত্রদলের উদ্যোগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) শহীদ শিবলী মিলনায়তনে এ আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মোহাম্মদ আতিকুর রহমান আতিকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ শামসুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মঞ্জুর খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. এম হাম্মাদুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলিম।

সেমিনারে বিসিএস ক্যাডার হিসেবে সফল ব্যক্তিরা পরীক্ষার প্রস্তুতি ও নিজেদের সফলতার অভিজ্ঞতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। তারা বিসিএস পরীক্ষার প্রস্তুতির কৌশল, নিয়মিত অধ্যবসায়, সময় ব্যবস্থাপনা এবং ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে বিভিন্ন পরামর্শ দেন। একই সঙ্গে বিসিএস ক্যাডার হওয়ার মাধ্যমে দেশ ও মানুষের সেবা করার সুযোগের বিষয়টিও তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ও বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান বলেন, বিসিএস শুধু চাকরি পাওয়ার পরীক্ষা নয়, এটি মেধা, পরিশ্রম, ধৈর্য ও দেশসেবার মানসিকতারও পরীক্ষা। যারা বিসিএস ক্যাডার হিসেবে সফল হয়েছেন, তাদের অভিজ্ঞতা আমাদের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা। আজকের এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা সফলদের অভিজ্ঞতা জানার পাশাপাশি বিসিএস প্রস্তুতি ও ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে বাস্তব ধারণা পেয়েছে। শিক্ষার্থীদের কল্যাণ, ক্যারিয়ার উন্নয়ন ও ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান বলেন, আমি বিসিএস বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানাই। তবে শিক্ষার্থীদের বলব, বিসিএসের প্রস্তুতি নিলেও একাডেমিক পড়াশোনাকে উপেক্ষা করো না। ভালো সিজিপিএ ও নিজ বিষয়ের জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিখিত পরীক্ষার পাশাপাশি ভাইভাতেও একাডেমিক রেকর্ড বিবেচনায় থাকে। তাই বিসিএস প্রস্তুতির সঙ্গে একাডেমিক ফলাফল ও বিষয়ভিত্তিক জ্ঞান শক্তিশালী করার দিকে সমান গুরুত্ব দিতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিসিএসে সফল হওয়ার পরই মূল দায়িত্ব শুরু। পরীক্ষার সাফল্যের চেয়ে জনগণের আস্থা অর্জনই বড়। ক্যাডার হিসেবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে গিয়ে সততা, দক্ষতা ও দায়িত্ববোধের সঙ্গে মানুষের সেবা করতে হবে।

অনুষ্ঠানে ছাত্রদলের হল পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন অনুষদের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD