Logo

যবিপ্রবিতে মার্শাল আর্ট কোর্সের সমাপনী ও বিশেষ প্রদর্শনী

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৭
যবিপ্রবিতে মার্শাল আর্ট কোর্সের সমাপনী ও বিশেষ প্রদর্শনী
ছবি: সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) তিন মাসব্যাপী আত্মরক্ষামূলক মার্শাল আর্ট (উশু) কোর্সের তৃতীয় ব্যাচের সমাপনী, চতুর্থ ব্যাচের বরণ ও বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সার্বিক সহযোগিতায় এবং জাস্ট স্পোর্টস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।

পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে তৃতীয় ব্যাচের সমাপনী ও চতুর্থ ব্যাচের শিক্ষার্থীদের বরণ করা হয়। পাশাপাশি মার্শাল আর্টের নিয়মিত ব্যাচের শিশু প্রশিক্ষণার্থীদের বেল্ট ও ব্ল্যাকবেল্ট প্রদান করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ‘সিলেট উশু চ্যাম্পিয়নশিপে’ দুটি ক্যাটাগরিতে রৌপ্যপদক অর্জন করায় যবিপ্রবির দুই শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। তারা হলেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাইদুল ইসলাম এবং মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফায়েক মুনতাসীর।

এ ছাড়া আন্তর্জাতিক অলিম্পিক সলিডারিটি কোচেস কোর্সের মূল্যায়ন পরীক্ষায় দেশসেরা এ গ্রেডপ্রাপ্ত সাতজনের মধ্যে একজন হওয়ায় কোচ ইসমাইল হোসাইনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের পিইএসএস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিশেষ প্রদর্শনীতে খালি হাতে আত্মরক্ষার বিভিন্ন কৌশল, লাঠি ও তলোয়ারের ব্যবহার, শিশুদের তাই-চি এবং কিকের মাধ্যমে ক্রিকেট স্টাম্প ভাঙার কৌশল প্রদর্শন করা হয়। ব্ল্যাকবেল্টপ্রাপ্ত প্রশিক্ষণার্থী মো. সাইদুল ইসলাম কিক দিয়ে ক্রিকেট স্টাম্প ভেঙে দেখান। পরে কোচ ইসমাইল হোসাইন স্টিলের আরএসএস ফাইভ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত সহ্য করে ফিটনেস প্রদর্শন করেন। সবশেষে প্রশিক্ষণার্থীরা সম্মিলিতভাবে তাই-চি প্রদর্শন করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির বলেন, মার্শাল আর্ট একটি দীর্ঘমেয়াদি অনুশীলনের বিষয়। এর মাধ্যমে ধীরে ধীরে মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। শিক্ষার্থী ও শিশুদের আত্মরক্ষার কৌশল শেখার পাশাপাশি মানসিক বিকাশেও মার্শাল আর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অল্প সময়ে এ দক্ষতা অর্জন করা সম্ভব নয়; নিয়মিত ও দীর্ঘদিনের অনুশীলনের মাধ্যমেই এটি আয়ত্ত করতে হয়।

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, আত্মরক্ষামূলক মার্শাল আর্ট শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তা তৈরিতে সহায়তা করে।

বিজ্ঞাপন

এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা আত্মরক্ষার কৌশল শেখার পাশাপাশি ধৈর্য ও নিয়মিত অনুশীলনের অভ্যাস গড়ে তুলতে পারে। বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ ও ইতিবাচক পরিবেশে বিকশিত হওয়ার সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD