ক্যান্টিনে খাবার খেয়ে একদিনও বিল দেন না হল সংসদের জিএস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্যার এ এফ রহমান হল সংসদের জেনারেল সেক্রেটারি (জিএস) ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দক্ষতা উন্নয়নবিষয়ক সম্পাদক তামিম চৌধুরীর বিরুদ্ধে ক্যান্টিনে খাবার খেয়ে নিয়মিত বিল পরিশোধ না করার অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
ক্যান্টিন কর্তৃপক্ষের দাবি, হল সংসদের জিএস নির্বাচিত হওয়ার পর থেকে একদিনও খাবারের বিল পরিশোধ করেননি তামিম। এমনকি খাবারের টাকা চাইলে ক্যান্টিন বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন তামিম চৌধুরী। তার দাবি, তিনি টাকা দিতে চাইলেও ক্যান্টিন কর্তৃপক্ষ তা নিতে চায় না। হল সংসদের জিএস হিসেবে সম্মান দেখিয়ে তার কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে না বলে ধারণা তার।
নাম প্রকাশ না করার শর্তে স্যার এ এফ রহমান হলসংলগ্ন ক্যান্টিনের এক কর্মচারী বলেন, জিএস হওয়ার পর থেকে ক্যান্টিনে খাওয়ার পর একদিনও টাকা দেননি তামিম চৌধুরী। অন্যদেরও বাকি থাকতে পারে, তবে তামিম খাবার খেয়ে কোনো কথা না বলে টাকা না দিয়েই চলে যান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ওই কর্মচারীর অভিযোগ, টাকা চাইলে তামিম ক্যান্টিন বন্ধ করে দেওয়ার হুমকি দেন। তার ভাষ্য, টাকা চাইলে তিনি বলেন, কোনো অপরাধ পেলে দোকান একেবারে বন্ধ করে দেব।
ক্যান্টিন কর্তৃপক্ষের দাবি, হল সংসদের নেতা হওয়ার পাশাপাশি রাজনৈতিক সংগঠনের প্রভাব থাকায় তামিম এমন আচরণ করছেন।
অভিযোগের বিষয়ে তামিম চৌধুরী বলেন, ‘আমি টাকা দিতে চাইলে ওনারা নিতে চান না। আমি হল সংসদের অন্যদেরও বিষয়টি বলেছি। আমি ক্যান্টিনে তেমন যাই না। হল সংসদের জিএস হিসেবে সম্মান দেখিয়ে হয়তো আমার কাছ থেকে টাকা নিতে চায় না।’
বিজ্ঞাপন
স্যার এ এফ রহমান হল সংসদের ভিপি শাহরিয়ার আহমেদ সোহাগ বলেন, বিষয়টি তিনি এখন জানতে পেরেছেন। তথ্যটি সঠিক হলে চাকসুর মেয়াদ শেষ হওয়ার আগে জিএসকে শোকজ করা হতে পারে।
হলের প্রভোস্ট অধ্যাপক আলম চৌধুরী বলেন, তার কাছে এ বিষয়ে মৌখিক বা লিখিত কোনো অভিযোগ আসেনি। এখন তিনি বিষয়টি শুনেছেন। ক্যান্টিন কর্তৃপক্ষ অভিযোগ জানালে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, ৫ আগস্টের পর ছাত্রদল শপথ নিয়েছে যে ছাত্রলীগের চাঁদাবাজির সংস্কৃতি তারা ফিরিয়ে আনবে না। তামিমের বিরুদ্ধে অভিযোগ সত্য হলে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের নামে বিষয়টি ঝুলিয়ে রাখা হবে না বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
এ বিষয়ে চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, তামিম রাজনৈতিকভাবে ছাত্রদলের সঙ্গে যুক্ত। তার অভিযোগ, ৫ আগস্ট-পরবর্তী ক্যাম্পাসে ছাত্রদল চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ‘ফাও’ খাবারের রাজনীতিতে ফিরছে। পাওয়া অভিযোগের তদন্ত করে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হবে বলে জানান তিনি।








