জবি এলাকায় বিশ্বজিৎ দাসের নামে ‘ফ্যাসিবাদবিরোধী চত্বর’ নির্মাণের ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এলাকায় নিহত বিশ্বজিৎ দাসের স্মরণে ‘ফ্যাসিবাদবিরোধী চত্বর’ নির্মাণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
বিজ্ঞাপন
রবিবার (৪ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়ন করা কেন্দ্রীয় মিলনায়তনের উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীনের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এ ঘোষণা দেন। ডিএসসিসির প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে মিলনায়তনটি সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুস সালাম ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের হাতে দেওয়ার কথা জানান। তিনি বলেন, সিপাহি বিপ্লবের স্মৃতিবিজড়িত গুরুত্বপূর্ণ এই ঐতিহাসিক স্থাপনা অব্যবস্থাপনা ও অবহেলায় পড়ে থাকতে পারে না। যথাযথ মর্যাদায় পার্কটি সংরক্ষণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের এগিয়ে আসা প্রয়োজন।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি খেলাধুলার জন্য ধূপখোলা মাঠ যথাযথভাবে বরাদ্দ দেওয়ারও ঘোষণা দেন। পাশাপাশি পুরান ঢাকাকে ঘিরে সাংস্কৃতিক বিপ্লব গড়ে তুলতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে ডিএসসিসি প্রশাসক বলেন, শিক্ষার্থীদের আচরণ সাধারণ মানুষ অনুসরণ করে। ডেঙ্গু প্রতিরোধ এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধে জনসচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। ঢাকা শহরকে রক্ষায় শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








