ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, যা বলছে কর্তৃপক্ষ

বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে অজ্ঞাতনামা একটি ই-মেইল পাঠানো হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টিপিক্যাল চাইনিজ ম্যান’ (Typical Chinese Man) নামের একটি ই-মেইল ঠিকানা থেকে বার্তাটি পাঠানো হয়।
বিজ্ঞাপন
ই-মেইলে আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। বার্তায় ঢাকার প্রগতি সরণির খ-২২৪ ঠিকানায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টিতে ‘গণবোমা হামলা’ চালানোর কথা উল্লেখ করা হয়।
হুমকির বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে তারা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান।
তিনি বলেন, “এ ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাড্ডা থানায় একটি জিডি করা হয়েছে। বিষয়টি ডিবির সাইবার ইউনিট তদন্ত করছে।”
বিজ্ঞাপন
হুমকির বিষয়ে আশঙ্কার কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, এসব হুমকির কোনো ভিত্তি নেই।
ই-মেইল পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফরোয়ার্ড করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় একাধিক গোয়েন্দা সংস্থাও কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ এক লিখিত বক্তব্যে জানিয়েছে, “এ ধরনের একটি অজ্ঞাত ই-মেইল আমরা পেয়েছি। বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। ইতোমধ্যে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে এবং আমরা তাদের কাছ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পাচ্ছি। এই মুহূর্তে আমরা আমাদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ ব্র্যাক ইউনিভার্সিটি পরিবারের সকল সদস্যের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি।”








