Logo

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্তে ডিবি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর, ২০২৬, ১৫:৩৭
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্তে ডিবি
ছবি: সংগৃহীত

রাজধানীর বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ই-মেইল পাঠিয়ে বোমা হামলার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। বিষয়টি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার টিম।

বিজ্ঞাপন

রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টিপিক্যাল চাইনিজ ম্যান’ (TypicalChineseman) নামের একটি ই-মেইল অ্যাকাউন্ট থেকে হুমকির বার্তাটি পাঠানো হয়।

ই-মেইলে বলা হয়, ঢাকার প্রগতি সরণিতে অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় একাধিক বোমা হামলা করা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

হুমকির বার্তা পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিরাপত্তা নিশ্চিত করতে তারা ই-মেইলটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সংস্থার কাছে ফরোয়ার্ড করে এবং আইনগত সহযোগিতা চায়।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার খবর পাওয়ার পর একাধিক গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করেছে। তবে হুমকির বার্তাটি কতটা বাস্তবসম্মত, তা যাচাই করা হচ্ছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান বলেন, ‘এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটি পটেনশিয়াল কোনো হুমকি না।’

তিনি জানান, এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি ডিবির সাইবার টিম তদন্ত করছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD