Logo

মরিয়মের মৃত্যু মামলায় মামা ওবায়দুরের রিমান্ড চায় ডিবি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৪৯
মরিয়মের মৃত্যু মামলায় মামা ওবায়দুরের রিমান্ড চায় ডিবি
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার মামা ওবায়দুর রহমানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করা হয়। মামলার তদন্তে ওবায়দুরের সম্পৃক্ততার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়ার দাবি করে ডিবির তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন রিমান্ড আবেদনটি করেন।

আদালত আবেদনটির শুনানির জন্য আগামী ১ অক্টোবর দিন ধার্য করেছেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ডিবির আবেদনে বলা হয়েছে, মরিয়মের সঙ্গে গাজী নজরুল ইসলামের বিয়ের আগে থেকেই ওবায়দুরের সঙ্গে নজরুলের যোগাযোগ ও ঘনিষ্ঠতা ছিল। তাদের বিয়েসংক্রান্ত বিভিন্ন কার্যক্রমেও ওবায়দুর যুক্ত ছিলেন বলে তদন্তে তথ্য পাওয়ার দাবি করা হয়েছে।

মরিয়মের মৃত্যুর ঘটনায় ওবায়দুরের ভূমিকা কী ছিল, তা জানতে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

তদন্ত কর্মকর্তারা আরও বলছেন, মরিয়ম ফাঁস দিয়ে মারা যাওয়ার সময় মামলার এজাহারভুক্ত কয়েকজন আসামি ওই বাসায় উপস্থিত ছিলেন। তাদের কোনো ধরনের প্রভাবের কারণে মরিয়ম আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

এ ছাড়া মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা বা উসকানি দেওয়া, মানসিক চাপ সৃষ্টি, ভয়ভীতি দেখানো কিংবা অন্য কোনোভাবে আত্মহত্যায় সহায়তার ক্ষেত্রে আসামিদের ভূমিকা ছিল কি না, তা জানতেও তথ্য সংগ্রহ করছে ডিবি।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় সেদিন রাতেই গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে হেফাজতে নেওয়া হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

পরে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, মাকছুদা ইসলাম ও ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন।

বিজ্ঞাপন

মামলায় গ্রেফতার দেখিয়ে পরদিন নজরুল ইসলামকে চার দিন এবং মাকছুদা ইসলামকে এক দিনের রিমান্ডে নেয় পুলিশ। একই রাতে মামলাটির তদন্তভার ডিবির কাছে হস্তান্তর করা হয়। এরপর ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় নজরুল ইসলামকে আরও চার দিনের রিমান্ডে নেওয়া হয়।

এদিকে মামলার এজাহারভুক্ত আসামি ওবায়দুর রহমানকে ২২ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম থেকে এসআরবি গ্রেফতার করে। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এবার মামলাটির তদন্তকারী সংস্থা ডিবি তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD