আ.লীগের বড় মিছিলের আশঙ্কা, সতর্ক অবস্থানে ডিএমপি

ঢাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হঠাৎ বড় জমায়েত ও ঝটিকা মিছিলের শঙ্কায় সতর্ক অবস্থানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হওয়া এই অভিযান বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত চলেছে। ডিএমপির গোয়েন্দা ও থানা পুলিশের যৌথ অভিযানে এ গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর ফার্মগেট, তেজগাঁও ও পানি ভবন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করছিলেন। আইনশৃঙ্খলা অস্থিতিশীল করার এমন প্রচেষ্টা ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, তেজগাঁও এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পান্থপথে পানি ভবনের সামনে থেকে বিস্ফোরক ককটেলও উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
ডিবি পুলিশের একটি সূত্র জানিয়েছে, এক স্থান থেকেই প্রায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তার ও অভিযানের বিস্তারিত জানাবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।








