মশুরীখোলা দরবারে ১৫৬তম ওরশ মোবারক

প্রতি বছরের ন্যায় এবারও মশুরীখোলা দরবার শরিফের প্রতিষ্ঠাতা হযরত কেবলা শাহ্ আহ্সানুল্লাহ (রহঃ) এর ১৫৬তম ওরশ মোবারক অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর নারিন্দার মশুরীখোলা দরবারে ওরশ মোবারকের আয়োজন করা হয়েছে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মশুরীখোলা আনজুমানে আহসানিয়া বাংলাদেশ।
বিজ্ঞাপন
মাহফিলের সভাপতিত্ব করেন হযরত শাহ্ আহ্সানুলাহ (রহ:) ওয়াকফ্ এস্টেটসের অষ্টম মোতাওয়ালী হযরত মাওলানা শাহ্ মুহাম্মদ আহছানুজ্জামান (রহঃ)’র ছোট সাহেবজাদা বর্তমান গদ্দীনেশীন পীরসাহেব হাফেজ মাওলানা মুফতি শাহ্ মুহাম্মদ সাইফুজ্জামান (মাঃজিঃআঃ)।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন হাফেজদের কণ্ঠে কোরআন খতম চলবে। জোহর নামাজের পর থেকে ওরশ মোবারকের মূল কার্যক্রম শুরু হবে। মিলাদ মাহফিলের পাশাপাশি নাতে রাসূল (স.) পাঠ চলবে। এরপর ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্ত-অনুরাগীদের উপস্থিতিতে ইফতার হবে। আর বাদ মাগরিব থেকে শুরু করে হযরত ক্বিবলার স্মরণে জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন দেশ বরেণ্য মুফতি, মুহাদ্দিসরা।
হযরত কেবলা নিজে রাজনীতি না করলে তিনি ছিলেন রাজনীতি সচেতন মানুষ। ভারতবর্ষের আজাদি এবং মুসলমানদের জন্য স্বতন্ত্র আবাসভূমি প্রতিষ্ঠায় তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দকে উদ্বুদ্ধ করেন। হযরত কেবলা (রহ.)’র প্রতিষ্ঠিত মশুরীখোলা দরবার দুই শতাব্দীকাল ধরে এই বঙ্গের মুসলমানদের কল্যাণে নিরবিচ্ছিন্নভাবে নানাবিধ কর্মযজ্ঞের মাধ্যমে ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আর পেছনে ছিলো হযরত কেবলার দুই সাহেবজাদা ও সুযোগ্য নাতি আল্লামা শাহ মুহাম্মদ আহছানুজ্জামান (রহ.)’র ৫৩ বছরের নিরলস শ্রম।
বিজ্ঞাপন
ওরশ মোবারক উপলক্ষে মশুরীখোলা দরবার শরীফের উদ্যোগে আয়োজিত ইসালে সাওয়াব মাহফিল উপলক্ষে ওয়াজ মাহফিল, কুরআন খতমসহ নানা কর্মসূচি পালন করা হয়। এবারের আয়োজনে নারীদের দরবার শরীফে উপস্থিত না থাকার অনুরোধ জানিয়েছে মাহফিল কমিটি।








