Logo

নিজের ভোটের আনন্দ না পেলেও ভোটারদের সহায়তা করছেন জহিরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩২
নিজের ভোটের আনন্দ না পেলেও ভোটারদের সহায়তা করছেন জহিরুল
ছবি: সংগৃহীত

পুরান ঢাকার সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে যাত্রীর অপেক্ষায় ছিলেন রিকশাচালক জহিরুল ইসলাম। বাড়ি বরগুনার এই রিকশাচালক ভোটের দিনেও ব্যস্ত, ভোটারদের এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি জানান, আমি নিজে ভোট দিতে পারিনি। বাড়ি যেতে অতিরিক্ত ভাড়া দিতে হয়, তাই সেটা আমার পক্ষে সম্ভব হয়নি। তিনি বলেন, পরিবারের অন্য সদস্যরা ভোট দিয়েছেন। ঢাকা শহরে একাই থাকায় দিন কাটাতে কষ্ট হচ্ছে।

জহিরুল বলেন, “সবাই ভোট দিচ্ছে দেখে ভালো লাগে, কিন্তু নিজের ভোট দিতে না পারার কষ্টটা থেকেই যায়।” কথা শেষ না হতেই তিনি আবারও রিকশা নিয়ে ভোটারদের গন্তব্যে পৌঁছে দিতে ছুটে যান।

বিজ্ঞাপন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঢাকা-৬ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন, নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা ২ হাজার ৮৪৫ জন।

এ আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন ‘ধানের শীষ’, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মো. আব্দুল মান্নান ‘দাড়িপাল্লা’, জাতীয় পার্টি প্রার্থী আমির উদ্দিন আহমেদ ‘লাঙ্গল’, গণঅধিকার পরিষদ (জিওপি) প্রার্থী মো. ফখরুল ইসলাম ‘ট্রাক’, বাংলাদেশ মুসলিম লীগের মো. আক্তার হোসেন ‘হারিকেন’, গণফ্রন্টের আহমেদ আলী শেখ ‘মাছ’ এবং বাংলাদেশ কংগ্রেসের মো. ইউনুস আলী আকন্দ ‘ডাব’ প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD