Logo

মেট্রোরেলের লাইন থেকে অবিস্ফোরিত দুই ককটেল উদ্ধার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর, ২০২৫, ১৬:২৫
মেট্রোরেলের লাইন থেকে অবিস্ফোরিত দুই ককটেল উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর কাজিপাড়া ও শেওড়াপাড়ার মাঝামাঝি জায়গায় মেট্রোরেলের ট্র‍্যাক লাইনে জর্দার কৌটায় স্কচটেপ পেঁচানো দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এমআরটি পুলিশ। পরে খবর দেওয়া হলে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট এসে ককটেল দুটি অপসারণ করে।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টায় মেট্রোরেলের লাইনে ককটেল দুটি পড়ে থাকার সংবাদ পায় এমআরটি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে এমআরটি পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) সোহেল চৌধুরী বলেন, মেট্রোরেলের ২৮৮ ও ২৮৯ নম্বর পিলারের ওপর ট্র্যাক লাইনে দুটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা সকাল ৯টার দিকে খবর পাই। লাইনে মেইনটেনেন্সের কাজ যারা করে, তারা সর্বপ্রথম ককটেল দুটি দেখতে পায়। ‌মেট্রোরেলের লাইনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে কাফরুল থানায়।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, যে জায়গায় ককটেল দুটি পাওয়া গেছে সেখানে কোনো সিসিটিভি ফুটেজ নেই। কারণ লাইন তো অনেক ওপরে। তবে আশপাশের বিভিন্ন ভবনের এবং নিচের দোকানপাটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে পুলিশ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত দুই সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে দুর্বৃত্তরা। এ ছাড়া অবিস্ফোরিত ককটেলও পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। সর্বশেষ ককটেল বিস্ফোরণের ঘটনায় ডিএমপির পল্লবী থানার একজন এএসআই আহত হয়েছেন। এসব ঘটনায় জড়িত অনেককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD