ভারি বৃষ্টিতে রাজধানীজুড়ে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

টানা ভারি বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন নিচু এলাকা ও সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হয়ে বিভিন্ন এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ নগরবাসীকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।
বিজ্ঞাপন
রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে পল্টন, মালিবাগ, মৌচাক, কাকরাইল, নিউমার্কেট, মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক পানিতে তলিয়ে যায়।
মুগদা, খিলগাঁও, সবুজবাগ, গোড়ান, মানিকনগর, তালতলা, মতিঝিল, আরামবাগ, গুলিস্তান, পল্টন কালভার্ট রোডসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে জলাবদ্ধতার চিত্র দেখা যায়। কোথাও কোথাও পানির উচ্চতা এতটাই বেড়েছে যে রিকশা ও অন্যান্য যানবাহনের চাকা প্রায় ডুবে যায়। ফুটপাত পানিতে তলিয়ে থাকায় পথচারীদের স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জলাবদ্ধতার পানিতে অনেক সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির ইঞ্জিন বিকল হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। কোথাও চালকদের গাড়ি ঠেলে নিয়ে যেতে হয়েছে। রিকশা ও ভ্যানচালকেরা বাড়তি ভাড়া চাইলেও পানি বেশি থাকায় অনেক সড়কে তারাও স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না।
বৃষ্টির কারণে সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের সংখ্যাও তুলনামূলক কম দেখা গেছে। এদিকে দোকানে পানি ঢোকার আশঙ্কায় ব্যবসায়ীরা দ্রুত মালামাল নিরাপদ ও উঁচু স্থানে সরিয়ে নিচ্ছেন।
বিজ্ঞাপন
রামপুরার বাসিন্দা মহিমা আক্তার বলেন, বৃষ্টির পর সড়কে পানি জমে যাওয়ায় সকাল থেকেই চলাচলে দুর্ভোগ হচ্ছে। যানবাহন স্বাভাবিক গতিতে চলতে না পারায় অল্প দূরত্বের পথ পাড়ি দিতেও অনেক বেশি সময় লাগছে।
মৌচাক এলাকার পথচারী লিটন মাহমুদ বলেন, সড়কে পানি জমে থাকায় হেঁটে চলাও কঠিন হয়ে পড়েছে। যানজটের কারণে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি সময় লাগছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা প্রয়োজন।
মতিঝিলের পথচারী সাজেদুর রহমান বলেন, ভোরে বৃষ্টি হলেও দুপুরের আগ পর্যন্ত মতিঝিলের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ছিল। কোথাও কোথাও হাঁটুপানি জমে থাকায় অফিসপাড়ায় মানুষের চলাচল ব্যাহত হচ্ছে।
বিজ্ঞাপন
সিএনজিচালক এরশাদ আলী বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা গেছে। মতিঝিলেও অনেক সড়ক পানিতে ডুবে রয়েছে। বিভিন্ন জায়গায় সিএনজির ইঞ্জিন বিকল হয়ে চালকদের গাড়ি ঠেলে নিতে দেখা গেছে।
জলাবদ্ধতার মধ্যেও যান চলাচল স্বাভাবিক রাখতে সকাল থেকে সড়কে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। তবে পানি নিষ্কাশন না হওয়ায় তাঁদেরও দায়িত্ব পালনে সমস্যা হচ্ছে।
ডিএমপির ট্রাফিক বিভাগের সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মামুনুর রশীদ বলেন, বৃষ্টির পর মালিবাগ, মৌচাক, কাকরাইল হয়ে খিলগাঁও এলাকার বিভিন্ন সড়কে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। এমনকি অনেক সড়কের একটি লেন দিয়েও যান চলাচল করানো সম্ভব হচ্ছে না।
বিজ্ঞাপন
তিনি জানান, পানি দ্রুত নিষ্কাশনের জন্য সিটি করপোরেশনকে ম্যানহোলের ঢাকনা খুলে দেওয়া বা প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা করার অনুরোধ করা হয়েছে।
এদিকে জলাবদ্ধতা নিরসনে মাঠে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতাকর্মী ও ইমার্জেন্সি রেসপন্স টিম।
ডিএসসিসির মুখপাত্র রাসেল রহমান জানান, রবিবার ভোর ৪টা থেকে মুষলধারে বজ্রসহ বৃষ্টির কারণে সংস্থার আওতাধীন কিছু নিম্নাঞ্চল ও ঢালু সড়কে সাময়িক জলাবদ্ধতা তৈরি হয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে ভোর থেকেই পরিচ্ছন্নতাকর্মী ও ইমার্জেন্সি রেসপন্স টিম মাঠে কাজ করছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
তিনি বলেন, ড্রেনেজ লাইনের প্রতিবন্ধকতা দূর করা এবং দ্রুত পানি নিষ্কাশনে প্রয়োজনীয় কার্যক্রম চালানো হচ্ছে। পরিস্থিতি পরিদর্শনে ডিএসসিসির প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা মাঠে রয়েছেন।
বিজ্ঞাপন
জলাবদ্ধতার সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে নগরবাসীর সহযোগিতা চেয়েছে ডিএসসিসি। পাশাপাশি জলমগ্ন সড়কে বৈদ্যুতিক তার, ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি, ম্যানহোল ও খোলা ড্রেনের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। জরুরি প্রয়োজনে বা জলাবদ্ধতার তথ্য জানাতে ডিএসসিসির নিয়ন্ত্রণ কক্ষে ০১৭০৯-৯০০৮৮৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রবিবার সকাল থেকে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বিজ্ঞাপন
দেশের পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।








