এবার খিলক্ষেতে ১২ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার

রাজধানীর খিলক্ষেতের কুড়িটোলা স্কুলরোড এলাকা থেকে মো. হাবিবুল্লাহ নাঈম নামে ১২ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিশুটির মা মোছা. শরীফা খাতুন।
বিজ্ঞাপন
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে ১৭ নম্বর ওয়ার্ডের কুড়িটোলা স্কুলরোডের ভাড়া বাসা থেকে রাগ করে বেরিয়ে যায় নাঈম। এর আগে ছয় বছর বয়সী ছোট ভাই আদিলের সঙ্গে তার ঝগড়া হয়। এ ঘটনায় মা তাকে বকাঝকা করলে অভিমান করে বাসা থেকে বেরিয়ে যায় সে।
এরপর পরিবারের সদস্য ও স্বজনরা আশপাশের এলাকা এবং আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও নাঈমের সন্ধান পাননি। তার সঙ্গে থাকা মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
নাঈমের চাচা গোলাম হুসাইন বলেন, ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়ার পর নাঈমকে তার মা বকাঝকা করেন। এরপর সে রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে থানায় জিডি করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
শিশুটিকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সঙ্গেও যোগাযোগ করেছে পরিবার।
এদিকে পরিবারের করা আবেদনের তথ্য অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে তাদের কাছে ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে দাবি করা হয়, নাঈম তাদের হেফাজতে রয়েছে। এ সময় ফোনে শিশুটির কান্নার শব্দ শোনা গেছে বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
বিজ্ঞাপন
পরিবারের দাবি, ফোনকারী নাঈমকে শারীরিক নির্যাতন করে একটি বাথরুমে আটকে রাখার কথা বলেন। পরে ‘হাজী বাড়ি ক্যাম্প এলাকায়’ অবস্থানের কথা জানিয়ে ফোনটি কেটে দেওয়া হয়। এরপর ওই নম্বরে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব আল হোসাইন বলেন, থানায় জিডি হয়েছে। শিশুটিকে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।
নাঈমের বাবা মো. বাবুল ইসলাম ও মা মোছা. শরীফা খাতুন। তাদের গ্রামের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার হাজনা নাটোর গ্রামে। বর্তমানে তারা খিলক্ষেতের কুড়িটোলা স্কুলরোড এলাকায় বসবাস করছেন।








