যেভাবে উদ্ধার হলো নিখোঁজ অপ্রতিমের মরদেহ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে অপ্রতিমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা আবদুল কাদের জিলানী জানান, শনিবার সকালে তিনি ১৫ বছর বয়সী ভাতিজাকে সঙ্গে নিয়ে কাজের জন্য একটি বাঁশঝাড়ে বাঁশ কাটতে যান। বেলা ১১টার দিকে বাঁশঝাড়ের কাছাকাছি পৌঁছালে তার ভাতিজা সেখানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তাকে জানায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মরদেহ দেখে ভয় পেয়ে তিনি ভাতিজাকে নিয়ে সেখান থেকে চলে আসেন। পরে একই গ্রামের বাসিন্দা মামুনের সঙ্গে তার দেখা হলে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার ছেলে নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পারেন। তখন তিনি সেখানে একটি শিশুর মরদেহ পড়ে থাকার কথা জানান। পরে মামুনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
আবদুল কাদের জিলানী বলেন, তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন না, তাই অপ্রতিম নিখোঁজ হওয়ার বিষয়ে আগে কিছু জানতেন না। পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন।
অপ্রতিমের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় শোক ও ক্ষোভের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার শরীরে রক্তের দাগ রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করলেও কারা এবং কীভাবে এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানায়নি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, দুপুর দেড়টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্তে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ প্রস্তুত করা হচ্ছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর সে আর বাসায় ফেরেনি। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজের প্রায় একদিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা গ্রামের ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হলো।








