ভারি বৃষ্টিতে নিউমার্কেট এলাকায় জলাবদ্ধতা, ব্যাহত যান চলাচল

ভোররাত থেকে টানা ভারী বৃষ্টিতে রাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন সড়ক ও মার্কেটের সামনের অংশ পানিতে তলিয়ে গেছে। এতে দোকানপাট খুলতে পারেননি অনেক ব্যবসায়ী। প্রধান সড়কে জলাবদ্ধতার কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। ঢাকা কলেজের সামনেও হাঁটুসমান পানি জমে থাকায় দুর্ভোগে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিউমার্কেট ও আশপাশের এলাকায় জলাবদ্ধতার এ চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, ভারী বৃষ্টিতে গাউসিয়া মার্কেট, চন্দ্রিমা মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেটসহ নিউমার্কেট ও ঢাকা কলেজসংলগ্ন বিভিন্ন সড়কে পানি জমেছে। মার্কেটগুলোর সামনে সড়ক পানিতে ডুবে থাকায় অনেক ব্যবসায়ী দোকান খুলতে পারেননি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মিরপুর সড়কের বিভিন্ন অংশেও হাঁটুসমান পানি জমেছে। এতে যানবাহন চলাচল ধীর হয়ে পড়েছে। সড়ক ও ফুটপাত পানিতে ডুবে থাকায় পথচারীদেরও চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।

পথচারী রায়হান উদ্দীন বলেন, নিউমার্কেটে এসে জলাবদ্ধতার কারণে রাস্তা পার হয়ে অন্য পাশে যেতে পারছেন না। পানির মধ্যে হাঁটাচলা করা কঠিন হওয়ায় রিকশার খোঁজ করছেন তিনি।
বিজ্ঞাপন
পানি দ্রুত নিষ্কাশনের জন্য ড্রেন ও নর্দমা নিয়মিত পরিষ্কার রাখার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, সঠিকভাবে তদারকি ও রক্ষণাবেক্ষণ করা হলে বৃষ্টির পানি দ্রুত নেমে যেত।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঢাকা কলেজের শিক্ষার্থী শিহাব আহমেদ বলেন, সামান্য বৃষ্টি হলেই কলেজের সামনে জলাবদ্ধতা তৈরি হয়। জমে থাকা পানির মধ্যে অনেক সময় ড্রেনের ময়লা মিশে থাকে। এতে শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও তৈরি হয়।

দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও কার্যকর সমাধান হয়নি দাবি করে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
ঢাকা কলেজের সামনে জলাবদ্ধতার বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব সিটি করপোরেশনের। এ সমস্যা সমাধানের জন্য রবিবারই সিটি করপোরেশনকে চিঠি দেওয়া হবে।








