Logo

জমে উঠেছে পাঞ্জাবির বাজার, বাড়তি বিক্রির আশায় ব্যবসায়ীরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ মার্চ, ২০২৬, ২০:৫৫
জমে উঠেছে পাঞ্জাবির বাজার, বাড়তি বিক্রির আশায় ব্যবসায়ীরা
ছবি: সংগৃহীত

পবিত্র মাহে রমজান চলছে, আর দুই সপ্তাহ পরেই আসছে ঈদুল ফিতর। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই রাজধানীর বিপণিবিতান ও ফুটপাতজুড়ে বাড়ছে কেনাকাটার আমেজ। দেশি-বিদেশি কাপড়ে তৈরি বাহারি পাঞ্জাবিতে সাজানো হয়েছে শোরুমগুলো। প্রিয়জনের জন্য কিংবা নিজের পছন্দের পোশাক খুঁজতে ভিড় করছেন নানা বয়সী ক্রেতারা।

বিজ্ঞাপন

বুধবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট, নুরজাহান মার্কেট ও চাঁদনী মার্কেট ঘুরে দেখা যায়—তরুণদের পাশাপাশি মধ্যবয়সী ও প্রবীণ ক্রেতারাও দোকান ঘুরে ঘুরে পাঞ্জাবি দেখছেন। কেউ পছন্দের ডিজাইন বেছে নিচ্ছেন, কেউ আবার দরদাম করে কিনছেন।

ব্যবসায়ীরা জানান, এবার সুতির পাশাপাশি সফট লিনেন, কাবুলি ও প্রিন্টেড পাঞ্জাবির চাহিদা বেশি। বিশেষ করে রঙিন ও নকশাদার পাঞ্জাবির প্রতি তরুণদের আগ্রহ চোখে পড়ার মতো। শিশুদের ক্ষেত্রে সাদা পাঞ্জাবির জনপ্রিয়তা বেশি।

বিজ্ঞাপন

কামরাঙ্গীচর থেকে কেনাকাটা করতে আসা ইব্রাহীম হোসাইন বলেন, ঈদ চলে আসছে বলে আগেভাগেই কেনাকাটা সেরে ফেলতে এসেছেন। তার ভাষ্য, বাজারে নানা নতুন ডিজাইন এসেছে, তবে দাম গত বছরের তুলনায় কিছুটা বেশি মনে হয়েছে। সঙ্গে থাকা তার বন্ধু দীপ জানান, এ বছর পছন্দের অনেক অপশন থাকায় কেনাকাটা সহজ হয়েছে।

দাম প্রসঙ্গে ব্যবসায়ীরা বলছেন, সব শ্রেণির ক্রেতার কথা মাথায় রেখে পাঞ্জাবি আনা হয়েছে। সাধারণ মানের পাঞ্জাবি ৮০০ থেকে ২ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। নামি শোরুমগুলোতে দেড় হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি বিক্রি হচ্ছে।

শুধু অভিজাত শোরুম নয়, ফুটপাতের দোকানেও ঈদের প্রস্তুতি জোরদার। গাউছিয়া মার্কেট ও নিউ মার্কেটসংলগ্ন ফুটপাতজুড়ে রঙিন পাঞ্জাবির পসরা সাজানো হয়েছে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত ক্রেতারা নিজেদের সামর্থ্যের মধ্যে সেরা পাঞ্জাবিটি বেছে নিতে ফুটপাতের দোকানগুলোতেই ভিড় করছেন।

বিজ্ঞাপন

নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, গত কয়েক দিন ধরে বিক্রি ধীরে ধীরে বাড়ছে। ইফতারের পর বেচাকেনা বেশি হয়। ঈদ যত ঘনিয়ে আসবে, বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তিনি।

ফুটপাত থেকে দুই সন্তানের জন্য পাঞ্জাবি কিনেছেন মমতাজ বেগম। অন্যের বাসায় কাজ করলেও ঈদে সন্তানদের খুশি রাখতে চান তিনি। নুরজাহান মার্কেটের সামনে থেকে ৯০০ টাকায় দুটি পাঞ্জাবি কিনেছেন বলে জানান। তার কথায়, “আমরা গরিব মানুষ, তাই এখান থেকেই কিনি। আমাদের জন্য এই বাজারই ভালো।”

বিজ্ঞাপন

সব মিলিয়ে বলা যায়, ঈদের কেনাকাটায় রাজধানীর পাঞ্জাবির বাজারে এখনো পুরোপুরি ভিড় না জমলেও ক্রেতা-বিক্রেতা—উভয়ের মধ্যেই উৎসবের প্রস্তুতি ও প্রত্যাশার ছাপ স্পষ্ট।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD