ঢাকায় মানুষের ৪৭টি মাথার খুলি উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

রাজধানীতে অভিযান চালিয়ে ৪৭টি মানুষের মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও গাজীপুরের বিভিন্ন কবরস্থান থেকে মরদেহের কঙ্কাল তুলে এনে একটি চক্র তা বিক্রি করত। পরে এসব কঙ্কাল রাজধানীর উত্তরার সাপ্পোরো ডেন্টাল কলেজের দুই শিক্ষার্থীর কাছে বিক্রি করা হতো। তারা সেগুলো হোস্টেলের কক্ষে কেমিক্যাল দিয়ে প্রক্রিয়াজাত করে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি প্রাইভেট ফেসবুক গ্রুপে ১৫ থেকে ২০ হাজার টাকায় বিক্রি করত।
বিজ্ঞাপন
সোমবার (৯ মার্চ) কলেজটির হোস্টেলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মানব হাড় ও ৪৭টি মাথার খুলি উদ্ধার করা হয়। একই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গ্রেফতারকৃতরা হলেন, কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক (২৫), মো. আবুল কালাম (৩৯), আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ (৩২) ও মো. ফয়সাল আহম্মেদ (২৬)।
বিজ্ঞাপন
তেজগাঁও থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে তেজগাঁও থানার মনিপুরীপাড়ার ১ নম্বর গেটের সামনে অবৈধভাবে কবরস্থান থেকে সংগ্রহ করা মানব কঙ্কাল বিক্রির উদ্দেশ্যে একজন ব্যক্তি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাত প্রায় পৌনে ২টার দিকে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিককে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।
পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার (৯ মার্চ) সকাল অনুমানিক সোয়া ৭টার দিকে তেজগাঁও কলেজের সামনে অভিযান পরিচালনা করে মো. আবুল কালাম ও আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে দুইটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুর সাড়ে ৩টার দিকে দেশের বিভিন্ন কবরস্থান হতে অবৈধভাবে গোপনে কবর খুঁড়ে মানব কঙ্কাল চুরি করে রাখা উত্তরা পশ্চিম থানাধীন উত্তরার সাপ্পোরো ডেন্টাল কলেজের হোস্টেলে অভিযান চালিয়ে মো. ফয়সাল আহম্মেদকে গ্রেফতার করা হয়।
এ সময় তার হেফাজত হতে ৪৪টি মানব কঙ্কাল উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই চক্র গাজীপুরসহ দেশের বিভিন্ন কবরস্থান থেকে মানব কঙ্কাল চুরি করে বিভিন্ন জনের কাছে চড়া দামে বিক্রি করত।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, গ্রেফতার হওয়া মো. আবুল কালামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২১টি মামলা রয়েছে। এছাড়া আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদের বিরুদ্ধেও দুটি মামলা রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।








