Logo

কৃষি অধিদপ্তরের পিডিকে প্রাণনাশের হুমকি শেকৃবি ছাত্রদল সেক্রেটারির

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ মার্চ, ২০২৬, ২০:১৭
কৃষি অধিদপ্তরের পিডিকে প্রাণনাশের হুমকি শেকৃবি ছাত্রদল সেক্রেটারির
ফাইল ছবি।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বি এম আলমগীর কবিরের বিরুদ্ধে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক প্রকল্প পরিচালকের কার্যালয়ে ঢুকে গালাগাল, চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১১ মার্চ) দুপুরে ঢাকার খামারবাড়িতে অবস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রথম ভবনে এ ঘটনা ঘটে। অভিযোগের শিকার কর্মকর্তা ড. মোহাম্মদ আবদুল কাইয়ূম মজুমদার বর্তমানে ‘ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’-এর প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযোগ অনুযায়ী, বুধবার দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে বি এম আলমগীর কবিরের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল প্রকল্প পরিচালকের কক্ষে (কক্ষ নম্বর–৭১৭) প্রবেশ করে। সেখানে ঢুকেই তারা অকথ্য ভাষায় গালাগাল শুরু করে এবং একটি বড় অঙ্কের চাঁদা দাবি করে বলে অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞাপন

ড. কাইয়ূম মজুমদার জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ধরনের ঘটনায় অফিসের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে বলেও তিনি উল্লেখ করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত আবেদন করেছেন।

অভিযুক্ত ছাত্রদল নেতা বি এম আলমগীর কবির অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, প্রকল্প পরিচালক আওয়ামী ফ্যাসিবাদের সহযোগী এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তার দাবি, প্রকল্পের কিছু কাজ আউটসোর্সিংয়ের মাধ্যমে করা হয় এবং তাদের দলের কয়েকজনকে সেই কাজে যুক্ত করার বিষয়ে কথা বলতে তারা সেখানে গিয়েছিলেন। তবে প্রকল্প পরিচালক এ বিষয়ে কোনো সাড়া দেননি, তাই আবারও কথা বলার উদ্দেশ্যে সেখানে যাওয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উইং-এর অতিরিক্ত উপপরিচালক ড. মো. মাহফুজুর রহমান বলেন, শেকৃবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর কবিরসহ আরও ১০ থেকে ১২ জন অফিসে প্রবেশ করে চাঁদা দাবি করে এবং কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণ করে। তারা অকথ্য ভাষায় গালাগাল করে এবং প্রাণনাশের হুমকিও দেয়। তিনি আরও জানান, ওই সময় কর্মকর্তারা চুপ থাকেন, কারণ আলমগীর কবিরের হাতে একটি ছুরি ছিল বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর থেকে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা জানান, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি চব্বিশোত্তর নতুন বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত এবং শাস্তিযোগ্য অপরাধ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD