উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন করলেন রাজউক চেয়ারম্যান

রাজধানীর উত্তরা মডেল টাউনে অবস্থিত উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহের স্থায়ী অবকাঠামো নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। এক বিশেষ দোয়া মাহফিল ও উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু।
বিজ্ঞাপন
শুক্রবার (১৩ মার্চ) উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয় এবং উপস্থিত অতিথিদের সামনে মসজিদের ভবিষ্যৎ নকশা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়।
উদ্বোধনী বক্তব্যে রাজউক চেয়ারম্যান বলেন, উত্তরা মডেল টাউনের গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই মসজিদটি অন্যতম। স্থায়ী অবকাঠামো নির্মাণের মাধ্যমে মুসল্লিদের দীর্ঘদিনের জায়গার সংকট অনেকটাই দূর হবে। পাশাপাশি এটি আধুনিক ও দৃষ্টিনন্দন স্থাপত্যে গড়ে তোলা হবে বলেও জানান তিনি। নির্মাণকাজের মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটি শেষ করার ওপরও গুরুত্ব দেন তিনি।
বিজ্ঞাপন
ভিত্তিপ্রস্তর স্থাপনের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি মসজিদের নির্মাণকাজ নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার জন্য প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়, নতুন প্রকল্পে আধুনিক স্থাপত্যশৈলী অনুসরণ করা হবে এবং বিপুলসংখ্যক মুসল্লির একসঙ্গে নামাজ আদায়ের জন্য উন্নত ব্যবস্থা রাখা হবে।








