Logo

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে ঢাকাবাসীর সকাল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ এপ্রিল, ২০২৬, ১৫:০৬
টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে ঢাকাবাসীর সকাল
ছবি: সংগৃহীত

সকালের শুরুতেই বৃষ্টির কবলে পড়ে ভোগান্তিতে পড়েছেন রাজধানীর কর্মজীবী মানুষ। বুধবার (২৯ এপ্রিল) ভোর থেকে টানা বৃষ্টিপাতের ফলে ঢাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, যা নগরবাসীর স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটিয়েছে।

বিজ্ঞাপন

রাজধানীর মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর-১৩, হাতিরঝিলের কিছু অংশ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেটমুখী নতুন সড়ক, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকা, মোহাম্মদপুর, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট, ইসিবি ও কালশীসহ নানা স্থানে পানি জমে থাকতে দেখা গেছে। কোথাও কোথাও ধীরে ধীরে পানি নামলেও অধিকাংশ এলাকায় সকাল পর্যন্ত জলাবদ্ধতা ছিল।

সড়কে পানি জমে থাকায় যানবাহন চলাচল ধীরগতির হয়ে পড়ে, ফলে কর্মস্থলে যেতে বিলম্বে পড়েন অনেকেই। একইসঙ্গে বৃষ্টির কারণে সাধারণ মানুষের উপস্থিতি এবং গণপরিবহনের সংখ্যাও কম ছিল চোখে পড়ার মতো।

বিজ্ঞাপন

মহাখালী এলাকার এক সিএনজিচালক হাবিবুর রহমান জানান, সকাল থেকেই টানা বৃষ্টি হওয়ায় যাত্রীসংখ্যা কমে গেছে। তিনি বলেন, ভোর থেকে এখন পর্যন্ত মাত্র দুইটি ট্রিপ পেয়েছি। প্রয়োজন ছাড়া মানুষ আজ ঘর থেকে বের হচ্ছে না।

গুলশান এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী এহসানুল হক বলেন, বৃষ্টি আর জলাবদ্ধতার কারণে অফিসে যেতে বেশ কষ্ট হয়েছে। ছাতা নিয়ে বের হতে হয়েছে, রাস্তায় মানুষও কম।

বিজ্ঞাপন

এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, বৃষ্টির কারণে সৃষ্ট অস্থায়ী জলাবদ্ধতা নিরসনে তাদের কর্মীরা কাজ করছেন। সংস্থাটির মুখপাত্র রাসেল রহমান বলেন, বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পানির স্তর বেড়ে যাওয়ায় কমলাপুর পাম্প স্টেশন চালু করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দুপুরের দিকে বৃষ্টি কিছুটা কমতে পারে, তবে বিকেল বা সন্ধ্যায় আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে বলেও জানানো হয়েছে। পাশাপাশি দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে সংস্থাটি। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD