Logo

১২ হাজার ৫০০ টাকা বিদ্যুৎ বিল দাবি, অধ্যক্ষের পদত্যাগ চান শিক্ষার্থীরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর, ২০২৬, ১৮:২১
১২ হাজার ৫০০ টাকা বিদ্যুৎ বিল দাবি, অধ্যক্ষের পদত্যাগ চান শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

রাজধানীর হোম ইকোনমিক্স কলেজে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় চার ঘণ্টা বেশি অডিটোরিয়াম ব্যবহার করে হল ফেস্ট আয়োজন করায় দুই শিক্ষার্থীর কাছে বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৫০০ টাকা দাবি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ অধ্যাপক ড. মেহরুন্নেসার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

এ ঘটনাসহ বিভিন্ন অভিযোগে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। একপর্যায়ে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচিও পালন করেন তারা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে অধ্যক্ষের কক্ষে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। বিকেল পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত ছিল।

শিক্ষার্থীদের অভিযোগ, সম্প্রতি অধ্যক্ষের অনুমতি নিয়েই কলেজের অডিটোরিয়ামে হল ফেস্টের আয়োজন করা হয়। তবে সাউন্ড সিস্টেমসহ কয়েকটি সমস্যার কারণে অনুষ্ঠান নির্ধারিত সময়ে শুরু ও শেষ করা সম্ভব হয়নি। ফলে প্রায় চার ঘণ্টা অতিরিক্ত সময় অডিটোরিয়াম ব্যবহার করতে হয়। এ কারণে দুই শিক্ষার্থীর কাছে বিদ্যুৎ বিল হিসেবে ১২ হাজার ৫০০ টাকা দাবি করেন অধ্যক্ষ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আন্দোলনরত শিক্ষার্থীদের প্রশ্ন, মাত্র চার থেকে পাঁচ ঘণ্টা অতিরিক্ত অডিটোরিয়াম ব্যবহারের জন্য কীভাবে এত বেশি বিদ্যুৎ বিল আসতে পারে? কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অনুষ্ঠান আয়োজনের পরও এভাবে অর্থ দাবি করাকে অযৌক্তিক বলে মনে করছেন তারা।

বিজ্ঞাপন

তবে শুধু বিদ্যুৎ বিলের বিষয়টিই নয়, অধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, শিক্ষার্থীদের হয়রানি এবং আবাসিক হলের নিরাপত্তা নিশ্চিত করতে অবহেলার মতো একাধিক অভিযোগও তুলেছেন আন্দোলনকারীরা।

তাদের দাবি, কলেজের আবাসিক হলের পাশেই অধ্যক্ষের বাসভবন। সেখানে বহিরাগতদের ভাড়া দেওয়ার কারণে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। হলের সিসিটিভি ক্যামেরা ও সার্বিক নিরাপত্তাব্যবস্থাও পর্যাপ্ত নয়। এসব ঘাটতি থাকা সত্ত্বেও আবাসিক হলের ফি বাড়ানো হয়েছে বলে অভিযোগ তাদের।

আবাসিক হলের খাবারের মান নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, একবার খাবার খেয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লেও কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বরং খাবার পছন্দ না হলে তা না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এ ছাড়া দুই জ্যেষ্ঠ শিক্ষার্থীর আবাসিক হলের আসন বাতিল এবং তাদের ছাত্রত্ব বাতিলের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন আন্দোলনকারীরা। তাদের ভাষ্য, কলেজের কোনো সমস্যা নিয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিভাগ ও রোল নম্বর সংগ্রহ করা হয়। পরবর্তী সময়ে এসব তথ্য ব্যবহার করে তাদের হয়রানি করা হয়।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা জানান, গত দেড় মাস ধরে আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেছেন তারা। কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। এখন তাদের এক দফা দাবি, অধ্যক্ষ অধ্যাপক ড. মেহরুন্নেসার পদত্যাগ।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

এদিকে, এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অধ্যক্ষ অধ্যাপক ড. মেহরুন্নেসার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD